ভালুকায় পৌর বিএনপির মতবিনিময় সভা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় সাংগঠনিক প্রস্তুতি জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ লক্ষ্যে ভালুকা পৌর বিএনপির উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় ভালুকা বাসস্ট্যান্ড এলাকার উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান। সভা সঞ্চালনা করেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল ও যুগ্ম আহ্বায়ক সামছুদ্দিন আহম্মেদ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
প্রধান অতিথির বক্তব্যে ফখরউদ্দিন আহমেদ বাচ্চু বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। বিএনপি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে চায়।
তিনি বলেন, ভালুকার মানুষ বারবার ভোটের অধিকার হারিয়েছে। উন্নয়নের নামে লুটপাট ও দুঃশাসন ছাড়া সাধারণ মানুষ কিছুই পায়নি। এই নির্বাচন জনগণের অধিকার ফিরে পাওয়ার নির্বাচন। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মানুষের দোরগোড়ায় গিয়ে তাদের কথা শোনা এবং প্রত্যাশা তুলে ধরার আহ্বান জানান তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা বলেন, শক্তিশালী সংগঠন গড়ে তুলতে তৃণমূল নেতাকর্মীদের সক্রিয় ও সংগঠিত ভূমিকার বিকল্প নেই। আসন্ন নির্বাচনকে সামনে রেখে ওয়ার্ডভিত্তিক সাংগঠনিক কার্যক্রম জোরদার করে মাঠপর্যায়ে প্রস্তুত থাকার আহ্বান জানান তারা।
মতবিনিময় সভায় পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেন। আলোচনায় নির্বাচনী প্রস্তুতি, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং দলীয় শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং দেশ, জাতি ও মানুষের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

আপনার মতামত লিখুন