ভালুকায় হবিরবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রার্থী মহসিন সরকার সবুজকে ঘিরে বিতর্ক

অনলাইন ডেস্ক ময়মনসিংহ
প্রকাশিত : ৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পিএম
2 শেয়ার
ভালুকায় হবিরবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রার্থী মহসিন সরকার সবুজকে ঘিরে বিতর্ক

ময়মনসিংহের ভালুকা উপজেলার ১০ নম্বর হবিরবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী হয়েছেন মহসিন সরকার সবুজ। তাঁকে ঘিরে তৃণমূল নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্ন ও অভিযোগ উঠেছে।

এলাকাবাসীর অভিযোগ, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় থাকাকালে তৎকালীন ইউনিয়ন বিএনপির সভাপতি ও তাঁর ছেলে, যিনি বর্তমানে স্থানীয় বিএনপির একজন নেতা, তাঁদের সঙ্গে মিলে মহসিন সরকার সবুজ ‘বন্ধন’ নামে একটি সংস্থা পরিচালনা করতেন। প্রতিষ্ঠানটির কার্যালয় ছিল তৎকালীন বিএনপির সাধারণ সম্পাদকের সিডস্টোর বাজার মার্কেটের দ্বিতীয় তলায়।

এলাকাবাসীর আরও অভিযোগ, ‘বন্ধন’ প্রতিষ্ঠানের মাধ্যমে মহসিন সরকার সবুজ বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করেন এবং পরে অর্থ আত্মসাৎ করে হঠাৎ করে এলাকা থেকে উধাও হয়ে যান।

অভিযোগকারীরা জানান, দীর্ঘ ২০ থেকে ২২ বছর পর ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপির এক যুগ্ম সম্পাদক এবং হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের এক নেতার সঙ্গে তিনি বিভিন্ন অবৈধ পথে অর্থ উপার্জন করে বিপুল পরিমাণ অর্থের মালিক হয়েছেন। সেই অর্থ ব্যবহার করে পুনরায় হবিরবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের দায়িত্ব এবং উপজেলা আওয়ামী লীগের সদস্যপদ পাওয়ার জন্য তিনি দৌড়ঝাঁপ শুরু করছেন বলেও দাবি এলাকাবাসীর।

এলাকাবাসীর দাবি, মহসিন সরকার সবুজকে আওয়ামী লীগের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলে দলের বর্তমান সংকটময় সময়ে আওয়ামী লীগ আরও ক্ষতিগ্রস্ত হতে পারে। তাঁদের ভাষ্য, এলাকায় তাঁকে তেমন কেউ চেনেন না এবং সংগঠনে তাঁর কোনো দক্ষতা নেই। ফলে তাঁর ডাকে বর্তমান দুর্দিনে নেতাকর্মীদের সাড়া দেওয়ার সম্ভাবনাও কম।

এমন পরিস্থিতিতে মহসিন সরকার সবুজকে হবিরবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ কিংবা উপজেলা আওয়ামী লীগের কোনো পদে দায়িত্ব না দেওয়ার জন্য উপজেলা আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগ এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।

তবে এসব অভিযোগের বিষয়ে মহসিন সরকার সবুজের বক্তব্য এই প্রতিবেদনে পাওয়া যায়নি।