ভালুকা আসনে এনসিপির প্রার্থী ডা. জাহেদুল ইসলাম

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত : ৪ নভেম্বর ২০২৫, ০৫:১৫ পিএম
0 শেয়ার
ভালুকা আসনে এনসিপির প্রার্থী ডা. জাহেদুল ইসলাম

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে জাতীয় নাগরিক পার্টি–এনসিপি তাদের প্রার্থী হিসেবে ডা. জাহেদুল ইসলামকে মনোনয়ন দিয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলটি ৩ নভেম্বর (সোমবার) রাতে কেন্দ্রীয়ভাবে প্রার্থীদের নাম প্রকাশ করে। ঘোষিত তালিকায় ভালুকা আসনের প্রার্থী হিসেবে স্থান পান ডা. জাহেদুল ইসলাম।

ডা. জাহেদুল ইসলাম বর্তমানে জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তরুণ নেতৃত্ব, সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ এবং সংগঠনের প্রতি দীর্ঘদিনের সম্পৃক্ততার কারণে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়, নীতি-আদর্শভিত্তিক রাজনীতি এবং এলাকার উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ডা. জাহেদুল ইসলাম নির্বাচনী মাঠে নামবেন। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, যুব উন্নয়ন এবং কর্মসংস্থানকে কেন্দ্র করে তিনি তার নির্বাচনী অঙ্গীকার প্রকাশ করবেন বলে দলীয় নেতারা আশা করছেন।

মনোনয়ন ঘোষণার পর ডা. জাহেদুল ইসলাম বলেন, “ভালুকার মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করাই আমার প্রথম লক্ষ্য। দলীয় পরিচয়ের বাইরে গিয়ে আমি জনগণের প্রার্থী হতে চাই। যদি সুযোগ পাই, ভালুকাকে একটি আধুনিক, মানবিক ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তুলব।”

তার প্রার্থিতা ঘিরে ইতোমধ্যে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও তরুণ ভোটারদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও দলীয় কর্মী-সমর্থকেরা তাকে নিয়ে সক্রিয় হতে শুরু করেছেন।

উল্লেখ্য, ময়মনসিংহ-১১ আসনটি দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত হয়ে আসছে। এবার নতুন প্রার্থীদের অংশগ্রহণে আসনটি উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিচ্ছে।

এনসিপির কেন্দ্রীয় মনোনয়ন তালিকা প্রকাশের মাধ্যমে নির্বাচনী প্রস্তুতি আরও গতিশীল হলো বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।