জুলাই শহীদদের স্মরণে ঈশ্বরগঞ্জে যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি
জুলাই ও আগস্ট মাসের রাজনৈতিক আন্দোলনে শহীদ হওয়া যুবদল, ছাত্রদলসহ সকল শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৃক্ষরোপণ এবং কোমলমতি শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেছে উপজেলা ও পৌর যুবদল।
বুধবার (২৩ জুলাই) দুপুরে ঈশ্বরগঞ্জ উপজেলার চরনিখলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহ নুরুল কবির শাহীন।
শহীদদের স্মরণে ফলদ, বনজ, ঔষধি, শোভাবর্ধনকারীসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয় এবং শিক্ষার্থীদের পরিবেশবান্ধব মানসিকতায় উদ্বুদ্ধ করতে তাদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরনিখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ঝুলন (চকদার), শাহ্ মোফাজ্জল হোসেন টিপু, উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মী, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
সাবেক সংসদ সদস্য শাহ নুরুল কবির শাহীন বলেন, “জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতি কখনও ভুলবে না। তাদের প্রতি সম্মান জানিয়ে এ কর্মসূচির আয়োজন করেছি। এই বৃক্ষরোপণ কর্মসূচি শুধু স্মরণ নয়, আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ উপহার দেওয়ার প্রতিজ্ঞাও।”

আপনার মতামত লিখুন