ভালুকায় দুর্গাপূজার নিরাপত্তা জোরদারে আনসার-ভিডিপির তৎপরতা, রেঞ্জ কমান্ডার ও জেলা কমান্ড্যান্টের পূজামণ্ডপ পরিদর্শন

স্টাফ রিপোর্টার ময়মনসিংহ
প্রকাশিত : ১৭ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পিএম
0 শেয়ার
ভালুকায় দুর্গাপূজার নিরাপত্তা জোরদারে আনসার-ভিডিপির তৎপরতা, রেঞ্জ কমান্ডার ও জেলা কমান্ড্যান্টের পূজামণ্ডপ পরিদর্শন

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে ময়মনসিংহের ভালুকা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ময়মনসিংহ রেঞ্জের রেঞ্জ কমান্ডার মোল্যা আবু সাইদ এবং ময়মনসিংহের জেলা কমান্ড্যান্ট সোহেলুর রহমান। এ সময় তাঁরা পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে দায়িত্বপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সার্বক্ষণিক সজাগ থাকা এবং পূজামণ্ডপের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।

এদিকে, সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে রেঞ্জ কমান্ডার মোল্যাহ আবু সাইদ জানান, এ বছর অধিক গুরুত্বপূর্ণ প্রতিটি পূজামণ্ডপে আটজন করে এবং গুরুত্বপূর্ণ ও সাধারণ পূজামণ্ডপে ছয়জন করে আনসার ও ভিডিপি সদস্য পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

পরিদর্শনকালে রেঞ্জ কমান্ডার ও জেলা কমান্ড্যান্ট পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও ভক্ত-অনুরাগীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আশ্বস্ত করেন।

শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে মাঠপর্যায়ে নিরাপত্তাব্যবস্থা তদারকি, দায়িত্বপ্রাপ্ত সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান এবং পূজামণ্ডপগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দায়িত্ব পালন করছে।