ভালুকা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডকে মাদকমুক্ত ও মানবিক ওয়ার্ড গড়ার প্রত্যয় সোহরাওয়াদী খানের

জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত : ২৬ আগস্ট ২০২৬, ০৬:৪৮ পিএম
0 শেয়ার
ভালুকা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডকে মাদকমুক্ত ও মানবিক ওয়ার্ড গড়ার প্রত্যয় সোহরাওয়াদী খানের

আসন্ন ভালুকা পৌরসভা নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সোহরাওয়াদী খান (টি.এইচ.) ওয়ার্ডবাসীর কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি ৩ নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক, স্মার্ট, মাদকমুক্ত, শিক্ষাবান্ধব, ক্রীড়াবান্ধব ও মানবিক ওয়ার্ড হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন। 

সোহরাওয়াদী খান বলেন, “একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য ওয়ার্ড গড়তে শুধু রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়নই যথেষ্ট নয়; প্রয়োজন মানুষের জীবনমানের উন্নয়ন এবং একটি সুস্থ সামাজিক পরিবেশ নিশ্চিত করা।”

তিনি বলেন, তাঁর প্রধান অগ্রাধিকার থাকবে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখা এবং তাদের শিক্ষা, খেলাধুলা ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে স্থানীয়দের সঙ্গে নিয়ে ধারাবাহিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তাঁর পরিকল্পনার মধ্যে রয়েছে—মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করা, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহযোগিতায় পাশে দাঁড়ানো, দরিদ্র ও অসহায় পরিবারের সহায়তায় এগিয়ে আসা এবং ওয়ার্ডে সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ আরও শক্তিশালী করা।

সোহরাওয়াদী খান আরও বলেন, “আমি জনপ্রতিনিধি হলে শুধু নির্বাচনের সময় নয়, সবসময় ওয়ার্ডবাসীর পাশে থাকার চেষ্টা করব। মানুষের সমস্যা শুনে সমাধানের উদ্যোগ নেওয়াই হবে আমার মূল দায়িত্ব।”

তিনি জানান, ইতোমধ্যে ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করছেন। স্থানীয়দের সমস্যা, প্রয়োজন ও সম্ভাবনা চিহ্নিত করে সবার মতামতের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে চান তিনি।

তিনি আরও বলেন, দল-মত ও পেশার ঊর্ধ্বে উঠে ৩ নম্বর ওয়ার্ডের মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করলে একটি পরিচ্ছন্ন, নিরাপদ, মাদকমুক্ত, শিক্ষিত, ক্রীড়াবান্ধব ও মানবিক ওয়ার্ড গড়ে তোলা সম্ভব।

“আমার লক্ষ্য শুধু একটি উন্নত ওয়ার্ড নয়—একটি নিরাপদ, সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা,” বলেন কাউন্সিলর পদপ্রার্থী সোহরাওয়াদী খান।