ভুয়া অ্যাকাউন্ট ঠেকাতে আসছে ফেসবুকের নতুন ‘ভেরিফায়েড’ ব্যাজ

তথ্য প্রযুক্তি ডেস্ক ঢাকা
প্রকাশিত : ২ আগস্ট ২০২৬, ০২:৪৫ পিএম
0 শেয়ার
ভুয়া অ্যাকাউন্ট ঠেকাতে আসছে ফেসবুকের নতুন ‘ভেরিফায়েড’ ব্যাজ

জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভুয়া প্রোফাইল, প্রতারণা ও স্প্যাম ঠেকাতে প্রকৃত ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে নতুন ‘ভেরিফায়েড’ ব্যাজ চালু করতে যাচ্ছে মেটা। নতুন এই ব্যবস্থায় ফেইশিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করে ব্যবহারকারীর পরিচয় যাচাই করা হবে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, এআই-নির্ভর ভুয়া অ্যাকাউন্ট ও কনটেন্টের ভিড়ে প্রকৃত ব্যবহারকারীদের আলাদা করে শনাক্ত করতেই এই উদ্যোগ নিয়েছে মেটা।

নতুন ভেরিফিকেশন প্রক্রিয়ায় ব্যবহারকারীকে একটি সেলফি তুলতে হবে। এরপর সেই ছবি অ্যাকাউন্টের প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করা হবে। মেটার দাবি, পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে মাত্র কয়েক মিনিট সময় লাগবে।

সম্প্রতি স্মার্ট গ্লাসে ফেইশিয়াল রিকগনিশন প্রযুক্তির ব্যবহার নিয়ে সমালোচনা ও আইনি জটিলতার মুখে পড়লেও পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে আবারও এই প্রযুক্তির ওপর আস্থা রাখছে প্রতিষ্ঠানটি।
এই সুবিধা পেতে ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ফেইসবুক অ্যাকাউন্টে কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের কোনো রেকর্ড থাকা যাবে না। যাচাই প্রক্রিয়ায় উত্তীর্ণ হলে ব্যবহারকারীর প্রোফাইলে নতুন ভেরিফায়েড ব্যাজ যুক্ত হবে। ফেইসবুক মার্কেটপ্লেস, ডেটিং সার্ভিসসহ বিভিন্ন ফিচারেও এই ব্যাজ দেখা যাবে।

তবে নতুন এই ভেরিফায়েড ব্যাজের সঙ্গে মেটার বর্তমান পেইড ‘মেটা ভেরিফায়েড’ সেবার পার্থক্য রয়েছে। নতুন ব্যাজটি শুধু অ্যাকাউন্টধারীর পরিচয় নিশ্চিত করবে। এটি সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নির্ভরযোগ্যতা কিংবা মেটার আনুষ্ঠানিক অনুমোদনের প্রতীক হিসেবে বিবেচিত হবে না।

মেটার ভাষ্য, জেনারেটিভ এআই ব্যবহার করে প্রতারক চক্র মানুষের মতো দেখতে ভুয়া প্রোফাইল, ছবি ও বিভ্রান্তিকর তথ্য তৈরি করছে। এরপর স্বয়ংক্রিয়ভাবে এসব অ্যাকাউন্ট থেকে প্রতারণামূলক বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে। এ ধরনের জালিয়াতি কমানোর পাশাপাশি ব্যবহারকারীদের নিরাপত্তা বাড়াতেই নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে ভেরিফিকেশন সুবিধার পাশাপাশি ফেইসবুকে আরও কয়েকটি নতুন ফিচার যুক্ত করছে মেটা। টিকটকের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে পরীক্ষামূলকভাবে অ্যাপ চালু করলেই পুরো পর্দাজুড়ে ভিডিও দেখার সুবিধা চালু করা হচ্ছে। তবে আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ব্যবহারকারীরা চাইলে সহজেই প্রচলিত নিউজফিডে ফিরে যেতে পারবেন।

মেটা জানিয়েছে, নতুন ভেরিফিকেশন সুবিধাটি কোনো অফিসিয়াল পেজ বা প্রমোটেড অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আগামী সোমবার থেকে নির্বাচিত কয়েকটি দেশে পর্যায়ক্রমে এই সুবিধা চালু করা হবে। পরে বিশ্বের অন্যান্য দেশেও সেবাটি সম্প্রসারণ করা হবে।