অর্থাভাবে থমকে অস্ত্রোপচার, তাজিবুরের পাশে ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশন
জীবনের সঙ্গে লড়াই করছেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কোনাবাড়ী গ্রামের সবজি বিক্রেতা মো. তাজিবুর রহমান। দীর্ঘদিন ধরে একের পর এক জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা ও অস্ত্রোপচারে সর্বস্ব হারিয়েছেন তিনি। বর্তমানে তার পেনক্রিয়াসে পাথর ধরা পড়েছে। চিকিৎসকদের মতে, দ্রুত অস্ত্রোপচার না করলে তার শারীরিক অবস্থা আরও জটিল হতে পারে। তবে অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছেন না তিনি।
এমন পরিস্থিতিতে অসহায় তাজিবুর রহমানের পাশে দাঁড়িয়েছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশন। গতকাল শুক্রবার (৩১ জুলাই) দুপুরে সংগঠনটির উদ্যোগে তার হাতে চিকিৎসা সহায়তার আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত সবাই তার দ্রুত সুস্থতা কামনা করেন এবং সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষকে মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
জানা গেছে, তাজিবুর রহমান ত্রিশাল উপজেলার কোনাবাড়ী গ্রামের একজন নিম্নআয়ের ক্ষুদ্র ব্যবসায়ী। স্থানীয় কাঁচাবাজারে সবজির দোকান চালিয়ে চার সদস্যের সংসার পরিচালনা করতেন তিনি। প্রায় সাত-আট বছর আগে তার খাদ্যনালিতে পাথর ধরা পড়ে। দীর্ঘদিন চিকিৎসার পর ঢাকায় অস্ত্রোপচার করাতে হয়। পরে তিনি ডায়াবেটিসে আক্রান্ত হন। এর কিছুদিন পর পিত্তথলিতে পাথর ধরা পড়লে দ্বিতীয়বার অস্ত্রোপচার করতে হয়। একের পর এক চিকিৎসার ব্যয় মেটাতে নিজের সহায়-সম্বল বিক্রি করে নিঃস্ব হয়ে পড়েন তিনি।
সম্প্রতি তার পেনক্রিয়াসে পাথর ধরা পড়েছে। জরুরি অস্ত্রোপচারের পরামর্শ দিলেও প্রয়োজনীয় অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না তিনি।
সহায়তা গ্রহণকালে আবেগাপ্লুত তাজিবুর রহমান বলেন, আমি বাঁচতে চাই। আমার ছোট একটি পরিবার আছে। চিকিৎসার জন্য যা ছিল সব শেষ হয়ে গেছে। এখন সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের সহযোগিতাই আমার শেষ ভরসা।
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মো. মিনহাজ বলেন, মানবতার সেবাই আমাদের অঙ্গীকার। একজন অসহায় মানুষের জীবন বাঁচাতে সমাজের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। আমরা চাই, অর্থের অভাবে যেন কোনো মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত না হন।
এ সময় উপস্থিত ছিলেন ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন, এইচ এম জোবায়ের হোসাইন, মাহবুবুল আলম উজ্জ্বল, এস এম মাসুদ রানা, আব্দুল্লাহ আল ফাহাদ, মুহতাসিম বিল্লাহ, মাওলানা মাহমুদুল হাসান, শাওনসহ অন্যান্য সদস্যরা।
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি অসহায় মানুষের চিকিৎসা, শিক্ষা, বাসস্থানসহ বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তাজিবুর রহমানের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান, প্রবাসী ও দানশীল ব্যক্তিদের সহযোগিতার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

আপনার মতামত লিখুন