ভালুকায় বাড়িঘর ভাঙচুর, দখলচেষ্টা ও প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ
ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা নতুন বাসস্ট্যান্ড এলাকায় বাড়িঘর ভাঙচুর, জমি দখলচেষ্টা এবং প্রাণনাশের হুমকির অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক যুবক।
অভিযোগকারী মো. শরিফুল ইসলাম সুমন (২৭) উপজেলার ধীতপুর ইউনিয়নের ধলিয়া গ্রামের বাসিন্দা। তিনি অভিযোগে উল্লেখ করেন, ভরাডোবা নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় স্থানীয় আলাল উদ্দিনের কাছ থেকে তার মা মোছা. সালমা সুলতানা ২ দশমিক ৫০ শতাংশ জমি ক্রয় করেন। পরে ওই জমিতে তারা দীর্ঘদিন ধরে ভোগদখলে থেকে বাড়ি নির্মাণের কাজ শুরু করলে অভিযুক্তরা বিভিন্ন সময় বাধা দিয়ে আসছেন।
লিখিত অভিযোগে তিনি আরও দাবি করেন, অভিযুক্ত জসিম উদ্দিন চঞ্চল, হাতেম আলী ও রেনু আক্তারসহ আরও কয়েকজন তাদের কাছে বিভিন্ন অঙ্কের টাকা দাবি করেন। এতে রাজি না হওয়ায় তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার পাশাপাশি খুন-জখমের হুমকি দেওয়া হয়। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করেও কোনো ফল পাওয়া যায়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, গত ১ জুলাই সকাল আনুমানিক ৮টার দিকে অভিযুক্তরা অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জনকে সঙ্গে নিয়ে নির্মাণাধীন বাড়িতে গিয়ে গেট, পাইপলাইনসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করেন। এতে প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন অভিযোগকারী।
শরিফুল ইসলাম সুমনের ভাষ্য, তিনি বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং দা ও লাঠি নিয়ে ধাওয়া করেন। প্রাণভয়ে তিনি নিরাপদ স্থানে আশ্রয় নেন। এ সময় অভিযুক্তরা জমি ও নির্মাণাধীন বাড়ি জোরপূর্বক দখল করে নেওয়া এবং বাধা দিলে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন