ভালুকায় টিনের চাল থেকে পড়ে ছাত্রলীগের সাবেক সভাপতি নিহত

আনোয়ার হোসেন তরফদার, ভালুকা( ময়মনসিংহ)
প্রকাশিত : ২৫ জুন ২০২৬, ০১:১৭ এএম
0 শেয়ার
ভালুকায় টিনের চাল থেকে পড়ে ছাত্রলীগের সাবেক সভাপতি নিহত

ময়মনসিংহের ভালুকায় পোল্ট্রি খামারের টিনের চাল থেকে পড়ে গিয়ে জাকির হোসেন (৩২) নামে এক সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার দুপুরে উপজেলার পুরুরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতেই ঢাকার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

নিহত জাকির হোসেন উপজেলার পুরুরা গ্রামের আবু সাইদের ছেলে। তিনি ভরাডোবা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাকির হোসেন একটি পোল্ট্রি খামারের টিনের চালে উঠে সিলিং ফ্যান মেরামতের কাজ করছিলেন। এ সময় হঠাৎ পা পিছলে নিচে পড়ে যান। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে।

পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হয়। রাত আটটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জাকির হোসেনের মৃত্যুর ঘটনায় পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।