ভালুকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ভালুকার বড়চালা হুসাইনিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ১০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
শনিবার (৫ জুন) মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর, সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান বাসান। এ সময় মাদ্রাসার সুপার শেখ মো. খাইরুল বাশার, সহকারী সুপার মাওলানা আব্দুল জলিল, জিয়া পরিষদ হবিরবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি সহকারী অধ্যাপক শহিদুল আলম, যুবদল নেতা আকমল খান, হারুন অর রশিদ ও আব্দুস ছামাদ মোল্লা, হবিরবাড়ী ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক মোছা. শিরিনা আক্তার, মাদ্রাসা পরিচালনা কমিটির দাতা সদস্য এ. কে. এম. হাবীবুল্লাহ কমল, অভিভাবক সদস্য সাইফুল ইসলাম, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ইউনিয়ন সদস্যসচিব খোরশেদ আলম, শিক্ষক প্রতিনিধি হাবিবুর রহমান ও সাঈদা হাসমা, স্থায়ী দাতা আসাদউল্লাহ ফকির, বিএনপি নেতা মো. রমজান আলী, মো. সিরাজ উদ্দিন ও আব্দুল খালেক, যুবদল নেতা সোহাগ আকন্দ ও সাদ্দাম মণ্ডল এবং প্রাক্তন শিক্ষার্থী হাফেজ মঞ্জুর মাহমুদ, হাবিবুল্লাহ জিহাদি, সফিউল আলম, ইমরান মোল্লা ও মাসুদ রানাসহ শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাঁরা সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করার আহ্বান জানান।
কর্মসূচি শেষে আয়োজকেরা জানান, বড়চালা হুসাইনিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণকে আরও সবুজ, নান্দনিক ও পরিবেশবান্ধব ক্যাম্পাসে রূপান্তরের লক্ষ্যে ভবিষ্যতেও বৃক্ষরোপণ ও সবুজায়ন কার্যক্রম অব্যাহত রাখা হবে।

আপনার মতামত লিখুন