ঈশ্বরগঞ্জে কাউসারের বিরুদ্ধে অনলাইন জুয়ার সাম্রাজ্য গড়ার অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত : ২ মে ২০২৬, ১১:১০ এএম
0 শেয়ার
ঈশ্বরগঞ্জে কাউসারের বিরুদ্ধে অনলাইন জুয়ার সাম্রাজ্য গড়ার অভিযোগ

মাত্র তিন বছর আগেও যিনি ছিলেন বেকার এক তরুণ, আজ তিনি এলাকায় পরিচিত দামি গাড়ি ও ব্র্যান্ডেড ফোন ব্যবহারকারী একজন ব্যক্তি হিসেবে। ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার হারুয়া গ্রামের কাউসার ফকির (২৪) এর এমন পরিবর্তনের পেছনে রয়েছে অনলাইন জুয়ার একটি বিস্তৃত নেটওয়ার্ক- এমনই অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত তিন বছরে কাউসার দেশি ও বিদেশি বিভিন্ন অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম ব্যবহার করে বিপুল অর্থ উপার্জন করেছেন বলে দাবি করা হচ্ছে। অভিযোগ রয়েছে, তার তৈরি নেটওয়ার্ক শুধু দেশের ভেতরেই সীমাবদ্ধ নয়, বরং বিদেশেও বিস্তৃত হয়েছে।

অভিযোগকারীদের ভাষ্যমতে, কাউসার শুধু নিজে জুয়ার সঙ্গে জড়িত নন, বরং এই অঞ্চলের বহু তরুণকে অনলাইন জুয়ার “সাগর খেলা” শেখানো এবং ডলার লেনদেনসহ বিভিন্ন কাজে সহায়তা করেছেন। এতে স্থানীয় অনেক সাধারণ মানুষ ও শিক্ষার্থী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও দাবি করা হয়।

স্থানীয়দের একাংশ নাম প্রকাশ না করার শর্তে জানান, একসময় যাকে কেউ গুরুত্ব দিত না, এখন তার বিলাসবহুল জীবনযাপন দেখে সবাই অবাক। তাদের দাবি, এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে এলাকার তরুণ সমাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

অভিযোগের বিষয়ে জানতে কাউসারের মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। জানা গেছে, তিনি বর্তমানে দেশীয় সিমের পরিবর্তে বিদেশি নম্বরে যোগাযোগ করতে বেশি পছন্দ করেন।

এ বিষয়ে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম জানান, অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

 

বিপি/আইএআই