ভালুকায় প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় লিখিত অভিযোগ
ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক নারীকে মারধর, গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী মোছা. জাহানারা (৩৮) ভালুকা মডেল থানায় এ অভিযোগ করেন।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রতিবেশী মো. মামুন খান (৪০) ও মোছা. মারিয়া আক্তার (১৯)-এর সঙ্গে পূর্ব বিরোধের জেরে দীর্ঘদিন ধরে তাকে নানাভাবে হয়রানি করা হচ্ছিল। এরই ধারাবাহিকতায় গত ২৮ এপ্রিল রাত আনুমানিক ৭টার দিকে অভিযুক্তরা তার স্বামীর বাড়িতে প্রবেশ করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে।
ভুক্তভোগীর দাবি, তিনি প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যা করার হুমকি দেয়। অভিযোগে আরও উল্লেখ করা হয়, এর আগেও একাধিকবার তাকে মারধর করে পায়ে আঘাত করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয়ভাবে একাধিক সাক্ষী পাওয়া যাবে বলেও অভিযোগে দাবি করা হয়েছে। দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হয়ে অবশেষে নিরাপত্তার স্বার্থে তিনি থানায় অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে অভিযুক্ত মামুন খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে মুঠোফোনে পাওয়া যায়নি।
মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন