ভালুকায় শিল্পবর্জ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের গণশুনানি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
প্রকাশিত : ১২ এপ্রিল ২০২৬, ১০:১৮ এএম
0 শেয়ার
ভালুকায় শিল্পবর্জ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের গণশুনানি অনুষ্ঠিত

ময়মনসিংহের ভালুকা উপজেলায় শিল্পপ্রতিষ্ঠানের বর্জ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের নিয়ে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল ২০২৬) উপজেলা প্রশাসনের হলরুমে এ গণশুনানির আয়োজন করা হয়।

৬ এপ্রিল ২০২৬ তারিখে জারিকৃত স্মারকের প্রেক্ষিতে আয়োজিত এ গণশুনানিতে স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ভরাডোবা ইউনিয়নের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান থেকে নির্গত বর্জ্যের কারণে কৃষিজমি ও পরিবেশের ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।

আলোচনায় উঠে আসে, এক্সপেরিয়েন্স টেক্সটাইল মিল ও হ্যারি ফ্যাশন লিমিটেড থেকে নির্গত রাসায়নিক বর্জ্য এবং মুলতাজিম স্পিনিং মিল লিমিটেড ও আর এস এগ্রো লিমিটেডের গবাদিপশুর খামার থেকে নির্গত গোবরসহ বিভিন্ন বর্জ্যের কারণে প্রায় ৩৫০ একর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ আদায়ের লক্ষ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোর উপস্থিতিতে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

গণশুনানিতে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শক, পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহের প্রতিনিধি, উপজেলা মৎস্য কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, ব্লক সুপারভাইজারসহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় সংসদ সদস্য কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। তিনি আগামী ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট সকল ডকুমেন্ট যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত ক্ষতিপূরণ নিশ্চিত করতে শিল্পপ্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে সমন্বয়ের নির্দেশ দেন। একই সঙ্গে ইউনিয়ন পরিষদকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়।

এছাড়া শিল্পপ্রতিষ্ঠানগুলোর পেছনে অবস্থিত হাইদ্দা ও কাহাচূড়া বিলে সংযুক্ত দূষিত পানির লাইন দ্রুত বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এসব নির্দেশনা বাস্তবায়ন না হলে বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর করা হবে বলেও জানান তিনি।

শেষে তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের ধৈর্য ধারণ, শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখা এবং তার ওপর আস্থা রাখার আহ্বান জানান।