ভালুকায় জাতীয় স্বেচ্ছায় রক্তদাতা দিবস উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতামূলক ক্যাম্পেইন
আজ ২ নভেম্বর জাতীয় স্বেচ্ছায় রক্তদাতা দিবস উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভালুকা হেল্পলাইন’-এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সকালে উথুরা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংগঠনটির প্রতিষ্ঠাতা ইমন তালুকদার জানান, ক্যাম্পেইনে প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানের উপকারিতা, জরুরি সময়ে রক্তদাতার প্রয়োজনীয়তা এবং রক্তদানের সঠিক সময়কাল সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করা হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়দের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
ভালুকা হেল্পলাইনের পক্ষ থেকে জানানো হয়, কেবল রক্তের গ্রুপ জানলেই চলবে না, রক্তদানের মানসিকতা তৈরি হওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। নিয়মিত রক্তদানের মাধ্যমে মানুষ যেমন বেঁচে যায়, তেমনি দাতার শরীরও সুস্থ থাকে এ বার্তা ছড়িয়ে দিতেই আয়োজনটি করা হয়েছে।
বাংলাদেশে স্বেচ্ছায় রক্তদানের সূচনা করেন অধ্যাপক নুরুল ইসলাম। তিনি প্রথম ব্যক্তি হিসেবে স্বেচ্ছায় রক্ত দিয়ে সমাজে এক দৃষ্টান্ত স্থাপন করেন। পরবর্তীতে ১৯৭৮ সাল থেকে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমকে আরও গতিশীল ও উৎসাহিত করতে প্রতিবছর ২ নভেম্বর জাতীয় স্বেচ্ছায় রক্তদাতা দিবস হিসেবে পালন করা হয়।
রক্তদানের এই ঐতিহাসিক দিনের তাৎপর্য তুলে ধরে আয়োজকরা বলেন, কৃত্রিমভাবে রক্ত তৈরি সম্ভব নয়, মানব শরীরই একমাত্র উৎস। তাই রক্তদানে এগিয়ে আসা মানেই মানবতার সেবায় যুক্ত হওয়া।
ক্যাম্পেইনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, রক্তের গ্রুপ না জানার কারণে অনেক সময় জরুরি মুহূর্তে বিপাকে পড়তে হয়। এমন আয়োজন তাদের সচেতন করেছে এবং ভবিষ্যতে রক্তদানে আগ্রহী করেছে।
একজন শিক্ষার্থী বলেন, আজই প্রথম জানলাম আমার রক্তের গ্রুপ। সুযোগ পেলে রক্তদান করব, এটা এখন আমার দায়িত্ব মনে হচ্ছে।
ভালুকা হেল্পলাইন আগামীতেও নিয়মিতভাবে এমন ক্যাম্পের আয়োজন করবে বলে জানিয়েছে। তাদের লক্ষ্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে রক্তদাতা নেটওয়ার্ক গড়ে তোলা এবং জরুরি রক্ত সংকট কমিয়ে আনা।

আপনার মতামত লিখুন