ভালুকায় জমি নিয়ে সংঘর্ষে দুই যুবক আহত, দুই লাখ টাকার বেশি লুটপাটের অভিযোগ

স্টাফ রিপোর্টার
প্রকাশিত : ২ অক্টোবর ২০২৫, ০৪:০৬ পিএম
0 শেয়ার
ভালুকায় জমি নিয়ে সংঘর্ষে দুই যুবক আহত, দুই লাখ টাকার বেশি লুটপাটের অভিযোগ

ময়মনসিংহের ভালুকায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুই যুবক গুরুতর আহত হওয়ার পাশাপাশি নগদ অর্থ ও আসবাবপত্র লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের রাংচাপড়া গ্রামে।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, উপজেলার রাংচাপড়া এলাকার মৃত আ. হেকিমের ছেলে হালিম উদ্দিন (৬২), তার ছেলে জালাল ফকির (৩৬), আলাল উদ্দিন (৩৪), বিল্লাল হোসেন (৪৫), জামাল উদ্দিন (৩৩), আলাল উদ্দিনের ছেলে নাঈম (২০) ও একই এলাকার আল আমিন (৩০) সহ আরও কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সেলিম মিয়ার বাড়িতে হামলা চালায়।

হামলার সময় সেলিম মিয়ার দুই ছেলে শিহাব (২২) ও সিয়াম (১৮)-এর ওপর এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়। শিহাবের মাথায় ধারালো অস্ত্রের আঘাত লেগে তিনি মারাত্মক আহত হন। এ ঘটনার পর হামলাকারীরা বসতঘরে ঢুকে নগদ দুই লাখ ৫০ হাজার টাকা লুট করে এবং দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর চালিয়ে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি সাধন করে।

স্থানীয়রা আহত শিহাব ও সিয়ামকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে ভুক্তভোগী সেলিম মিয়া ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”