সেবার অঙ্গীকার নিয়ে মাঠে রাজু আহমেদ
আসন্ন ঈশ্বরগঞ্জ পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতির মাঠ সরগরম হয়ে উঠেছে। বিশেষ করে ৬নং ওয়ার্ডে তরুণ ও উদীয়মান নেতৃত্বের আগমনে সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এই ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করে প্রচারণায় নেমেছেন মোঃ রাজু আহমেদ।
“মনোবল আছে যার, জনপ্রতিনিধি হওয়ার অধিকার তার” এই স্লোগানকে সামনে রেখে রাজু আহমেদ তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। পোস্টারে তিনি উল্লেখ করেছেন যে, জনসেবা এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই তার মূল লক্ষ্য। তিনি নিজেকে একজন শান্তিময় ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের অঙ্গীকারবদ্ধ প্রার্থী হিসেবে উপস্থাপন করছেন।
৬নং ওয়ার্ডের শিমরাইল এলাকার সর্বস্তরের জনগণের ব্যানারে এই প্রচারণা চালানো হচ্ছে। রাজু আহমেদ তার প্রচারণায় এলাকার উন্নয়ন, তরুণদের কর্মসংস্থান এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি ভোটারদের দোয়া, সহযোগিতা ও মূল্যবান রায় প্রত্যাশা করেছেন।
স্থানীয় ভোটারদের মতে, রাজু আহমেদ একজন শিক্ষিত এবং কর্মঠ প্রার্থী। এলাকার ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাট উন্নয়ন এবং মাদক মুক্ত সমাজ গড়তে তার মতো একজন তরুণ নেতৃত্বের প্রয়োজন বলে মনে করছেন অনেকেই।
নির্বাচনী ভাবনা সম্পর্কে জানতে চাইলে মোঃ রাজু আহমেদ জানান, আমি ব্যক্তিগত স্বার্থে নয়, বরং এলাকার মানুষের সেবা করতে নির্বাচনে দাঁড়াতে চাই। জয়ী হতে পারলে ৬নং ওয়ার্ডকে একটি আধুনিক ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।

আপনার মতামত লিখুন