ময়মনসিংহের ভালুকায় ধানকুঁড়া রিসোর্টে মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড চলার অভিযোগ তুলে রিসোর্টটি স্থায়ীভাবে বন্ধের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের ইস্তারঘাট বাজারে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সচেতন নাগরিকেরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ইস্তারঘাট এলাকার ধানকুঁড়া রিসোর্টকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র মাদক, জুয়া ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। এসব কর্মকাণ্ডের কারণে এলাকার তরুণ সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলে দাবি করেন তাঁরা।
বক্তারা বলেন, এলাকার পরিবেশ ও যুবসমাজকে রক্ষায় রিসোর্টটিতে কথিত অবৈধ কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে। একই সঙ্গে রিসোর্টটি স্থায়ীভাবে সিলগালা করে বন্ধের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তাঁরা।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার দাবি জানান। তাঁদের ভাষ্য, অবিলম্বে এসব কর্মকাণ্ড বন্ধ করা না হলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধনে বক্তব্য দেন অ্যাডভোকেট মোহাম্মদ অন্তর, সেলিম আকন্দ, মাওলানা মামুনুর রশিদ, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা সফিউদ্দিন, মাহবুব আলম, জাকির হোসেন মাস্টার, বিল্লাল হোসেন ও হৃদয় তালুকদারসহ অনেকে উপস্থিত ছিলেন।
