নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে ভালুকায় মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি

স্টাফ রিপোর্টার
প্রকাশিত : ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পিএম

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় মানববন্ধন করেছেন সাংবাদিকরা। রোববার (১৮ অক্টোবর) সকালে ভালুকা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সাংবাদিকরা।

মানববন্ধনে বক্তব্য দেন ভালুকা উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দি এশিয়ান এইজের সাংবাদিক হুমায়ুন আহমেদ। তিনি বলেন, সীমান্তে চোরাচালান, মাদক পাচার ও গরু পাচার সিন্ডিকেটের বিরুদ্ধে সোচ্চার ছিলেন সাবেক সেনা সদস্য ও সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ। তিনি ছিলেন সাহসী কণ্ঠস্বর। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব অপরাধীকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।

মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকরা বলেন, একজন সাংবাদিককে গুলি করে হত্যা করা অত্যন্ত নৃশংস ও উদ্বেগজনক ঘটনা। এ ধরনের হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিকের জীবন কেড়ে নেয় না, বরং স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের নিরাপত্তার ওপরও গুরুতর আঘাত হানে। সাংবাদিকরা যেন নির্ভয়ে ও স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট প্রশাসনের দায়িত্ব।

বক্তারা আরও বলেন, সাংবাদিকরা সমাজের নানা অসংগতি, অনিয়ম, দুর্নীতি ও অপরাধের চিত্র তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। সত্য প্রকাশ করতে গিয়ে কোনো সাংবাদিককে হত্যার শিকার হতে হলে তা পুরো সাংবাদিক সমাজের জন্য গভীর উদ্বেগের বিষয়। এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করা না গেলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠতে পারে।

মানববন্ধন থেকে সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। একই সঙ্গে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।

মানববন্ধনে মাই টিভির সাংবাদিক মর্জিনা মনি ও প্রাইম টিভির সাংবাদিক লিমা আক্তারসহ অন্য সাংবাদিকরা বক্তব্য দেন। এ সময় নাগরিক টিভির সাংবাদিক বরকত উল্লাহ, সাংবাদিক আশিকুর রহমান শ্রাবণ, বাংলা টিভির সাংবাদিক আবিদ হাসানসহ ভালুকায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 সম্পাদক ও প্রকাশক : আশিকুর রহমান | কপিরাইট © ভোরের পোস্ট, সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন