ত্রিশালে জুয়া খেলা বন্ধে বাধা দেওয়ায় যুবক আহত

জেলা প্রতিনিধি
প্রকাশিত : ১০ অক্টোবর ২০২৬, ০৯:২৩ এএম

ময়মনসিংহের ত্রিশালে শিশু মেলায় জুয়া খেলা বন্ধে বাধা দিতে গিয়ে শাহ মো. মহসিন জামান লাহাব নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ত্রিশালের চিকনা মোড় এলাকায় আয়োজিত শিশু মেলায় প্রকাশ্যে জুয়া খেলা চলছিল। এ সময় লাহাব জুয়া খেলায় বাধা দিলে তার ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ রয়েছে, ত্রিশাল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দুলাল মিয়ার ভাতিজা জিসানের নেতৃত্বে হাফিজুল ইসলাম, মো. আমিরুল ইসলামসহ ২০ থেকে ২৫ জনের একটি দল লাহাবের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

পরে স্থানীয়রা আহত লাহাবকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা মেলায় জুয়া খেলা বন্ধের পাশাপাশি হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

 সম্পাদক ও প্রকাশক : আশিকুর রহমান | কপিরাইট © ভোরের পোস্ট, সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন