ভালুকায় সাইনবোর্ড টানিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ

জেলা প্রতিনিধি
প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পিএম

ময়মনসিংহের ভালুকা উপজেলার কাশর গ্রামে সাইনবোর্ড টানিয়ে ও খুঁটি পুঁতে জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। 

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের কাশর গ্রামের মৃত আবুল হাসেম ফকিরের ছেলে মো. সেলিম ফকির ও তাঁর ভাই দান ও পৈতৃক সূত্রে কাশরগড় মৌজার ৫৫ শতক জমির মালিক বলে দাবি করেন। দীর্ঘদিন ধরে তাঁরা ওই জমি ভোগদখল করে আসছেন।

অভিযোগে বলা হয়, প্রতিবেশী মৃত সুলতানের ছেলে মো. বাবুল মিয়াসহ কয়েকজন গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে দেশীয় অস্ত্রসহ ভাড়াটে লোকজন নিয়ে ওই জমিতে যান। তাঁরা জমিতে সাইনবোর্ড টানিয়ে ও খুঁটি পুঁতে দখলের চেষ্টা করেন। এ সময় জমির মালিকানা দাবিদারেরা বাধা দিলে তাঁদের গালিগালাজ, ভয়ভীতি দেখানো এবং খুন-জখমের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় বিল্লাল হোসেন (৫০), মো. বাবুল মিয়াসহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে আসামি করে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

জমির মালিকানা দাবিদার মো. সেলিম ফকির বলেন, ‘দান ও পৈতৃক সূত্রে আমরা ওই জমির মালিক। দীর্ঘদিন ধরে জমিটি আমাদের দখলে রয়েছে। আমরা কারও কাছে জমিটি বিক্রি করিনি।’

অভিযোগের বিষয়ে মো. বাবুল মিয়া বলেন, ‘আমি কারও জমি দখল করিনি। সেলিম ফকিরদের জমি তাঁদের দখলেই আছে।’

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 সম্পাদক ও প্রকাশক : আশিকুর রহমান | কপিরাইট © ভোরের পোস্ট, সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন