ভরাডোবায় চেয়ারম্যান হতে চান অ্যাডভোকেট শফিক, উন্নয়ন ও জনসেবার নানা পরিকল্পনা

আনোয়ার হোসেন তরফদার
প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পিএম

ময়মনসিংহের ভালুকা উপজেলার ৩নং ভরাডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল ইসলাম (শফিক)। দীর্ঘদিনের সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের অভিজ্ঞতা নিয়ে এবার ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় জানিয়েছেন তিনি। ইতোমধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও যোগাযোগ শুরু করেছেন এই আইনজীবী।

অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল ইসলাম বর্তমানে ভালুকা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তিনি ভরাডোবা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন।

ভরাডোবা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

অ্যাডভোকেট শফিক বলেন, “ভরাডোবা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য সুন্দর ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে আমরা আন্তরিকভাবে কাজ করব।”

চেয়ারম্যান নির্বাচিত হলে ভরাডোবা ইউনিয়নের সার্বিক উন্নয়নে বেশ কিছু পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছেন অ্যাডভোকেট শফিক।

তার পরিকল্পনার মধ্যে রয়েছে—গ্রামীণ রাস্তা সংস্কার ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, খাল খনন, ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন, নাগরিকদের সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং গ্রাম্য আদালতের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা।

পাশাপাশি মশার উপদ্রব কমাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ, পরিবেশবান্ধব শিল্প স্থাপনে উদ্যোগ, শিল্পকারখানার বিষাক্ত বর্জ্য যথাযথভাবে নিষ্কাশনের ব্যবস্থা এবং শ্রমিকদের নিরাপদ ও অবাধ চলাচলের পরিবেশ নিশ্চিত করার কথাও জানান তিনি।

ইউনিয়নকে মাদকমুক্ত করার পাশাপাশি সাধারণ মানুষের নাগরিক সুবিধা বাড়ানো ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন অ্যাডভোকেট শফিক।

“মানুষের পাশে থেকেই কাজ করতে চাই”

নিজের প্রার্থিতার বিষয়ে অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, “আমি ভরাডোবা ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করতে চাই। জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করব।”

তিনি আরও বলেন, “আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যেন চেয়ারম্যান নির্বাচিত হয়ে মানুষের জন্য এসব কাজ করার সুযোগ পাই। ইনশাআল্লাহ, সকলের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে ভরাডোবা ইউনিয়নকে আরও উন্নত ও সুন্দর করে গড়ে তুলতে চাই।”

এদিকে স্থানীয়দের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময়ের মাধ্যমে চেয়ারম্যান পদে নিজের আগ্রহের কথা জানান দিচ্ছেন অ্যাডভোকেট শফিক। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তার এই তৎপরতা স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে।

 সম্পাদক ও প্রকাশক : আশিকুর রহমান | কপিরাইট © ভোরের পোস্ট, সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন