ময়মনসিংহের ভালুকায় পৈতৃক বসতভিটা ও সম্পত্তি থেকে এক কিশোরী ও তাঁর মাকে উচ্ছেদের চেষ্টা, বসতঘরের মালামাল নিয়ে যাওয়া এবং ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে তিনজনের বিরুদ্ধে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছে ১৬ বছর বয়সী ওই কিশোরী।
অভিযোগকারী সানজিদা ইসলাম হামিদা ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের ঢালুয়াপাড়া এলাকার বাসিন্দা এবং আঙ্গারগাড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। অভিযোগে তিনি হারুন মিয়া (৪৫), আবু তাহের (৬০) ও জোসনা খাতুন (৪২) নামের তিনজনকে বিবাদী করেছেন।
থানায় দেওয়া লিখিত অভিযোগে সানজিদা ইসলাম হামিদা বলেন, তিনি যখন তিন বছর বয়সী, তখন তাঁর বাবা বিদেশে চলে যান। পরে বিদেশে গিয়ে তাঁর বাবা কাজ না পাওয়ায় তাঁর মা দেশ থেকে টাকা পাঠিয়ে বাবার খরচ ও তাঁর ভরণপোষণ চালাতেন। বর্তমানে তাঁর বাবা বিদেশে ভালো বেতনে কাজ করছেন।
সানজিদার অভিযোগ, তাঁর বাবার নিজ বসতবাড়ি, পোলট্রি ঘরসহ অন্যান্য সম্পত্তি থেকে তাঁকে ও তাঁর মাকে উচ্ছেদের জন্য বিবাদীরা বিভিন্নভাবে চেষ্টা করে আসছেন। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার বিচার-সালিশের উদ্যোগ নেওয়া হলেও কোনো সমাধান হয়নি।
লিখিত অভিযোগে তিনি আরও বলেন, বিবাদীরা তাঁদের বসতঘর থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাওয়াসহ নানাভাবে ক্ষয়ক্ষতি করছেন। তাঁদের অত্যাচারের কারণে বর্তমানে তিনি ও তাঁর মা প্রতিবেশীর বাড়িতে অবস্থান করছেন। তাঁদের বসতবাড়িতে যেতে নিষেধ করে ভয়ভীতিও দেখানো হচ্ছে।
অভিযোগে সানজিদা উল্লেখ করেন, গত ২৯ জুন বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি ও তাঁর মা ভালুকা থানার ঢালুয়াপাড়া এলাকায় তাঁদের পৈতৃক বসতবাড়িতে গেলে বিবাদীরা তাঁদের দেখে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে মারধরের জন্য তাঁরা ক্ষিপ্ত হয়ে এগিয়ে আসেন। এ সময় প্রাণের ভয়ে তিনি ও তাঁর মা নিরাপদ স্থানে আশ্রয় নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সানজিদার দাবি, ওই সময় বিবাদীরা তাঁদের হুমকি দিয়ে বলেন, যে কোনো মূল্যে তাঁর বাবার বসতবাড়িসহ সব সম্পত্তি দখল করা হবে। তিনি ও তাঁর মা আবার বসতবাড়িতে গেলে তাঁদের মারধর ও গুরুতর ক্ষতি করার হুমকিও দেওয়া হয়েছে।
লিখিত অভিযোগে সানজিদা আরও বলেন, বিবাদীরা তাঁকে ও তাঁর মাকে পৈতৃক বসতবাড়ি ও সম্পত্তি থেকে বঞ্চিত করে সব সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন। স্থানীয়ভাবে একাধিকবার দরবার-সালিশ করেও কোনো সমাধান না পাওয়ায় পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনদের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন বিবাদী হারুন মিয়া। তিনি বলেন, ‘ঘর আমার ভাইয়ের। আমি পোলট্রি করেছি, তাই আমি এখানে থাকি। আমার ভাইয়ের বউ এ বাড়ি থেকে ১৪ বছর আগে চলে গেছে। আমি বাড়ি দখল করিনি।’
এ বিষয়ে ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সবুজ মিয়া বলেন, অভিযোগ পাওয়ার পর তিনি ঘটনাস্থলে গিয়েছেন। এ বিষয়ে আদালতে পজিশন (প্রতিবেদন) দেওয়া হয়েছে।
