গফরগাঁওয়ে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত : ৯ মার্চ ২০২৬, ০১:০৬ পিএম

ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর মোজাম্মেল হোসেন মনন (৪৭) এর বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. আরিফুজ্জামান খান বাদী হয়ে গফরগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শনিবার (৭ মার্চ) রাত ১০টার দিকে ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে অভিযুক্ত করে এ অভিযোগ দাখিল করা হয়।

অভিযোগে বলা হয়, বাদীর ভাই মো. নুরুজ্জামান রানা একজন উদ্যোক্তা। দেশের বিভিন্ন এলাকায় তার প্রায় ১৮টি পরচুলা ব্যবসা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এই ব্যবসা পরিচালনা করে আসছেন। নিজ এলাকায় তিনি আব্দুর রহমান ইসলামিয়া মাদরাসা এবং পি-বাড়ীয়া গ্রুপ হেয়ার কাট ফ্যাক্টরি প্রতিষ্ঠা করেছেন। মাদরাসাটিতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এবং ফ্যাক্টরিতে ২৫০ জনের বেশি কর্মচারী কাজ করেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে অভিযুক্তরা নুরুজ্জামান রানার কাছে প্রথমে ২০ লাখ টাকা এবং পরে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে ফ্যাক্টরি ও মাদরাসা বন্ধ করে দেওয়া এবং হামলার হুমকি দেওয়া হয়। পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন পর অভিযুক্তরা ১০ লাখ টাকা চাঁদা দাবি করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, গত ৬ মার্চ পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামিয়া মসজিদ ও মাদরাসা এবং পি-বাড়ীয়া গ্রুপ হেয়ার কাট ফ্যাক্টরির কর্মচারীদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ওই সময় মোটরসাইকেল ও অটোরিকশায় করে অভিযুক্তদের একটি দল ঘটনাস্থলে এসে নুরুজ্জামান রানাকে ১০ লাখ টাকা দ্রুত পরিশোধের হুমকি দেয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা সেখান থেকে চলে যায়।

এছাড়া অভিযোগে বলা হয়েছে, একই দিন এলাকায় ৮-১০টি মোটরসাইকেল ও অটোরিকশায় করে ৩০-৩৫ জনের একটি দল মাদরাসা ও ফ্যাক্টরির আশপাশে মহড়া দেয়। তাদের হাতে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ছিল বলেও দাবি করা হয়েছে।

এ বিষয়ে মীর মোজাম্মেল হোসেন মনন অভিযোগ অস্বীকার করে বলেন, নুরুজ্জামান রানা ও তার সহযোগীরা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন। দলের সুনাম ক্ষুণ্ন করার জন্য অপপ্রচার চালানো হচ্ছে। এসব ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি বিষয়টি নিয়ে থানায় সাধারণ ডায়েরি করব।

বাদী মো. আরিফুজ্জামান খান বলেন, অভিযোগ দায়েরের পর তাকে রাস্তায় দাঁড় করিয়ে এলাকা ছাড়ার হুমকি দেওয়া হয়েছে এবং পরিবারসহ ক্ষতি করার ভয় দেখানো হয়েছে।

গফরগাঁও থানার ওসি আতিকুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, ইফতার মাহফিলকে কেন্দ্র করে উদ্যোক্তার বাড়িতে সশস্ত্র হামলার চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ ওঠায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটির কিছু অংশ মাদরাসার সিসি ক্যামেরায় ধারণ হয়েছে।

 সম্পাদক ও প্রকাশক : আশিকুর রহমান | কপিরাইট © ভোরের পোস্ট, সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন