ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলমের কর্মী-সমর্থকদের ওপর হামলা, হুমকি ও নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় ভালুকা পৌর এলাকায় তার ব্যক্তিগত নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। মোর্শেদ আলম জানান, গত ২২ জানুয়ারি প্রচারণা শুরুর পর থেকে ধানের শীষের প্রার্থীর কর্মী-সমর্থকরা ধারাবাহিকভাবে তার কর্মীদের ওপর হামলা চালাচ্ছে।
তিনি অভিযোগ করেন, মল্লিকবাড়ী ইউনিয়নের নয়নপুর এলাকায় নারী কর্মীদের হেনস্তা করা হয় এবং ধীতপুর ইউনিয়নের রান্দিয়া গ্রামে হামলায় কয়েকজন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এ ছাড়া উথুরা ও রাজৈ ইউনিয়নের বিভিন্ন এলাকাতেও হামলার ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন এক আহত কর্মীকে জোরপূর্বক মিথ্যা জবানবন্দি দিতে বাধ্য করার অভিযোগও করেন তিনি।
মোর্শেদ আলম আরও বলেন, বিভিন্ন ইউনিয়নে তার কর্মী-সমর্থকদের প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে, মাইক ও অটোরিকশা বন্ধ করে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। তিনি বলেন, এসব পরিস্থিতিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
তিনি হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগা আহবায়ক সালাউদ্দিন আহমেদ, নাসির উদ্দিন সরকার, রুহুল আমিন, ছারুয়ার জাহান এমরান, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম, সিরাজুল ইসলাম ঢালী প্রমুখ।
