ময়মনসিংহের ভালুকা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের নতুন ৭১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে প্রভাষক তাজউদ্দিন আহমেদকে আহ্বায়ক এবং মো. খোরশেদ আলম ইমনকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
ময়মনসিংহ দক্ষিণ জেলা তাঁতী দলের সভাপতি মো. রুহুল আমীন ও সাধারণ সম্পাদক মো. মুক্তার হোসেন (মন্ডল) স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে মো. আবু রাসেলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মো. ইলিয়াস আহমেদ ও মো. জাহাঙ্গির আলমকে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।
অনুমোদনপত্রে আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, দুই যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবসহ পাঁচজনকে সাইনিং ক্ষমতা প্রদান করা হয়। তবে অনুমোদনের তারিখ থেকে ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন ও জমা দিতে ব্যর্থ হলে এই আহ্বায়ক কমিটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে বলে উল্লেখ করা হয়েছে।
এছাড়া নির্দেশনায় বলা হয়, নির্ধারিত ৬০ দিনের মধ্যে উপজেলার প্রতিটি ইউনিয়নে প্রতিনিধি সভার মাধ্যমে ইউনিয়ন কমিটি গঠন করতে হবে। উপজেলা বিএনপি কার্যালয়ে বসে কোনো ইউনিয়ন কমিটি অনুমোদন করা যাবে না। সব ইউনিয়ন কমিটি গঠন শেষে পূর্ণাঙ্গ তালিকা ময়মনসিংহ দক্ষিণ জেলা তাঁতী দলের কাছে জমা দিতে হবে।
ইউনিয়ন কমিটি অনুমোদনের ক্ষেত্রে আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কদের মধ্যে মতবিরোধ দেখা দিলে ময়মনসিংহ দক্ষিণ জেলা তাঁতী দল সরাসরি সংশ্লিষ্ট ইউনিয়ন কমিটি অনুমোদন দিতে পারবে। এ ক্ষেত্রে উপজেলা কমিটির কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না।
চিঠিতে আরও বলা হয়, ইউনিয়ন কমিটি গঠন, পুনর্গঠন, বাতিল কিংবা স্থগিতের বিষয়ে ময়মনসিংহ দক্ষিণ জেলা তাঁতী দলের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
