ময়মনসিংহের ভালুকায় নবীন হাফেজদের সংবর্ধনা, আলেম-ওলামাদের মতবিনিময় সভা ও পাগড়ি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে জামিরদিয়া আব্দুল গণি মাস্টার স্কুল অ্যান্ড কলেজ মাঠে হবিরবাড়ী ইউনিয়নের সর্বস্তরের আলেম-ওলামাদের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য আব্দুস সাত্তার মাস্টার এবং সঞ্চালনা করেন ইমাম-ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ফখর উদ্দীন আহম্মেদ বাচ্চু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি নবীন হাফেজদের অভিনন্দন জানিয়ে বলেন, হাফেজদের হাতে পবিত্র কোরআনকে রাখার দায়িত্ব আল্লাহ দিয়েছেন। তাদের এই আলোকিত পথচলা সমাজকে আরো সুন্দর ও নৈতিকতার পথে এগিয়ে নেবে। এ সময় তিনি দেশের সাম্প্রতিক পরিস্থিতি, ইসলামী শিক্ষা বিস্তার এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন নিয়ে আলেম-ওলামাদের মতামত বিনিময় করেন।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন মাসুদ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল, সাংগঠনিক সম্পাদক তাজমুল হক মণ্ডল, সেচ্ছাসেবকদল নেতা সজীব তালুকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও হবিরবাড়ী ইউনিয়নের বিএনপি নেতা আমিনুল ইসলাম বাসান, আলাউদ্দিন মৃধা, রফিকুল্লাহ রফিক, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কবির প্রমুখ। এছাড়াও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী, শিক্ষক-উস্তাদ ও ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি ইয়াহিয়া সুতারপুরী। পরে ৩৫০ জন নবীন হাফেজের হাতে সম্মানসূচক পাগড়ি তুলে দেওয়া হয়।
