ঈশ্বরগঞ্জে পৈতৃক সম্পত্তি রক্ষায় মানববন্ধন, পরিবারকে হুমকির অভিযোগ

স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ
প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২৫, ০৪:২৫ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মধুপুর বাজারে দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক পরিবারের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। আদালতের রায় নিজেদের পক্ষে থাকার পরও প্রতিপক্ষ জোরপূর্বক সম্পত্তি দখলের চেষ্টা এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের। এ পরিস্থিতিতে জীবনের নিরাপত্তা ও পৈতৃক সম্পত্তি রক্ষার দাবিতে সোমবার (২৪ নভেম্বর) দুপুরে বাজারের সাধারণ ব্যবসায়ী ও এলাকাবাসীর সঙ্গে নিয়ে ভুক্তভোগী পক্ষ মানববন্ধন করেছে।

ভুক্তভোগী আব্দুল মান্নান ওরফে মন্নাছ (৫৬) জানান, তাঁর পৈতৃক সম্পত্তি নিয়ে আব্দুল লতিফ ভূইয়ার ছেলে জামাল ভূইঁয়ার সঙ্গে তাঁর দীর্ঘদিনের বিরোধ চলছে। ২০২১ সনে জামাল ভূইঁয়া ঈশ্বরগঞ্জ বিজ্ঞ সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করলেও আদালত তাঁর আবেদন খারিজ করে আব্দুল মান্নানের পক্ষেই রায় দেন।

আব্দুল মান্নান ওরফে মন্নাছ বলেন, “রায়ের পরও আমার পৈতৃক সম্পত্ত্বি বেদখল করার চেষ্টা চলছে। নান্দাইল থেকে এসে আশরাফ উদ্দিন আকন্দ ও মতি মিয়াসহ তাদের লোকজন প্রতিনিয়ত ভয়ভীতি প্রদর্শনসহ মেরে ফেলার হুমকি দিচ্ছে। তাদের হুমকিতে এখন আমরা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি।”

ভুক্তভোগী পক্ষ জানায়, বিষয়টি নিয়ে গত ৪ নভেম্বর ঈশ্বরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করা হলেও প্রতিপক্ষের হুমকি থামছে না।

মানববন্ধনে উপস্থিত এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষজন বলেন, বারবার জমিতে জোরপূর্বক প্রবেশের চেষ্টা চালানো হচ্ছে এবং প্রতিবাদ করলেই হামলা ও হুমকির মুখে পড়তে হচ্ছে পরিবারটিকে। তারা জানান, স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সমাধানের চেষ্টা ব্যর্থ হওয়ায় পরিবারটি বাধ্য হয়ে মানববন্ধনে নেমেছে।

উপস্থিত জনতা ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং এই জমি বিরোধের স্থায়ী সমাধানের জন্য দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে এলাকায় কোনো ধরনের আইনশৃঙ্খলার অবনতি না ঘটে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, মানববন্ধনের বিষয়টি তাঁর নজরে এসেছে। তিনি বলেন, “বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ইতোমধ্যেই একজন বিট অফিসারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তপূর্বক দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 সম্পাদক ও প্রকাশক : আশিকুর রহমান | কপিরাইট © ভোরের পোস্ট, সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন