ভালুকা হেল্পলাইনের উদ্যোগে এআই চ্যাটবট ও কল সেন্টার সেবা চালু

স্টাফ রিপোর্টার
প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২৫, ০৭:৫৬ পিএম

ভালুকার মানুষের তথ্য, সহায়তা ও পরামর্শকে আরও সহজলভ্য করতে “ভালুকা হেল্পলাইন” চালু করেছে আধুনিক এআই (Artificial Intelligence) ভিত্তিক চ্যাটবট ও কল সেন্টার সেবা। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় বাসিন্দারা ঘরে বসেই বিভিন্ন প্রয়োজনীয় তথ্য ও সেবা পেতে পারবেন মুহূর্তের মধ্যে।

ভালুকা হেল্পলাইনের প্রতিষ্ঠাতা ও পরিচালক ইমন তালুকদার সাগর বলেন, আমাদের মূল লক্ষ্য ভালুকার মানুষের সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসা। এই এআই চ্যাটবটটি মানুষের প্রশ্ন বুঝে স্বয়ংক্রিয়ভাবে উত্তর দিতে পারে এবং স্থানীয় সেবা, হাসপাতাল, রক্তদাতা, শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করতে সক্ষম।

তিনি আরও জানান, সেবাটি বর্তমানে পরীক্ষামূলকভাবে চালু রয়েছে এবং খুব শিগগিরই পূর্ণাঙ্গভাবে উদ্বোধন করা হবে। ভবিষ্যতে এতে আরও নতুন ফিচার যুক্ত করা হবে, যাতে সাধারণ মানুষ আরও দ্রুত ও সহজভাবে সহায়তা পেতে পারেন।

চ্যাটবটটি মোবাইল ও ওয়েব উভয় মাধ্যমেই ব্যবহারযোগ্য। “ভালুকা হেল্পলাইন সহযোগী এআই” নামে পরিচিত এই ভার্চুয়াল সহকারী ২৪ ঘণ্টা সেবা দেওয়ার জন্য প্রস্তুত।

উল্লেখ্য, ভালুকা হেল্পলাইন দীর্ঘদিন ধরে সামাজিক সেবা, রক্তদান কার্যক্রম, দুর্যোগকালীন সহায়তা এবং প্রযুক্তিগত সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। তাদের নতুন এআই-চালিত সেবা কার্যক্রমে এক নতুন মাত্রা যোগ করবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।

 সম্পাদক ও প্রকাশক : আশিকুর রহমান | কপিরাইট © ভোরের পোস্ট, সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন