ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মুরগির বিচরণকে কেন্দ্র করে নাতি সাখাওয়াত হোসেন (১৭) এর দায়ের কোপে দাদি রৌশনআরা (৬২) মৃত্যু হয়েছে বলে জানা গেছে। শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার খৈরাটি উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার পালিত মুরগির বিচরণ নিয়ে রৌশনআরার ভাতিজা গোলাম মোস্তফা (৩৫) তর্ক লাগে। একপর্যায়ে রৌশনআরাকে গোলাম মোস্তফা (৩৫) ও তার ছেলে সাখাওয়াত হোসেন (১৭) মারধর করতে থাকে। একপর্যায়ে সাখাওয়াত হোসেন তার দাদুকে দা দিয়ে কোপ দেয়।
পরে নিহতের বড় মেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে পথিমধ্যে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল রহমান জানান, হত্যার ঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি। তবে ঘটনার মূল হোতা সাখাওয়াত হোসেনসহ তার পিতা গোলাম মোস্তফা ও বড় ভাই সাজ্জাদকে আটক করা হয়েছে।
