চরলক্ষীপুরে জৈব লাউ চাষে সফল আব্দুর রহমান

স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ
প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৫ পিএম

ময়মনসিংহ সদর উপজেলার চরলক্ষীপুর গ্রামের প্রান্তিক কৃষক আব্দুর রহমান তরল জৈব সার ব্যবহার করে লাউ চাষে সাফল্য অর্জন করেছেন। জলাবদ্ধ ১৫ শতক জমিতে সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে লাউ চাষ করে তিনি দ্বিগুণ ফলন পেয়েছেন, যা এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।

এলাকায় গিয়ে দেখা যায়, তার জমিতে প্রচুর পরিমাণে লাউ ঝুলছে। ক্রেতারা সরাসরি জমি থেকেই লাউ কিনে নিচ্ছেন। ক্রেতাদের দাবি, আব্দুর রহমানের লাউ দেখতে সুন্দর ও খেতেও সুস্বাদু।

আব্দুর রহমান জানান, গত বছর একই জমিতে ধান চাষ করে তেমন লাভবান হতে পারেননি। উপজেলা কৃষি অফিসের পরামর্শে এবার তিনি ভিন্ন পদ্ধতিতে লাউ চাষ করেন। এজন্য ৩ ফুট উঁচু পাড় তৈরি করে বীজ বপনের সময় ট্রাইকোডার্মা ব্যবহার, মাটি শোধনে ডলোচুন প্রয়োগ, শাখা কর্তন ও ২জি-৩জি কাটিং করেন। পাশাপাশি সরিষার হরলিক্স সার ও ফুল সময় তরল জৈব সার ব্যবহার করেন। পোকামাকড় দমনে তিনি রাসায়নিক কীটনাশক বাদ দিয়ে হলুদ আঠালো ফাঁদ, ফেরোমেন ফাঁদ ও মিষ্টি কুমড়ার বিষ টোপ ব্যবহার করেছেন।

তিনি বলেন, “ধানের তুলনায় রাসায়নিক সার খুব কম ব্যবহার করেও আল্লাহর রহমতে জমি ভালো আছে। প্রচুর লাউ উঠছে। প্রতিটি লাউ ৫০-৭০ টাকায় বিক্রি করছি। বিষমুক্ত লাউ চাষ করেও এত ফলন হবে তা জানা ছিল না। বাজারে নিরাপদ লাউ ভালো দামে বিক্রি হলে লাভ আরও বাড়তো।”

উপজেলা কৃষি অফিসার জুবায়রা বেগম সাথী বলেন, “আমরা কৃষকদের নিরাপদ ও বিষমুক্ত ফসল উৎপাদনে উদ্বুদ্ধ করছি। ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু স্যারের বিশেষ উদ্যোগে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে তরল জৈব সার ও হরলিক্স সার ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। এতে কৃষকের খরচ কমছে, আবার লাভও বাড়ছে।”

 সম্পাদক ও প্রকাশক : আশিকুর রহমান | কপিরাইট © ভোরের পোস্ট, সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন