ময়মনসিংহের ভালুকায় জমিতে ধান রোপণকে কেন্দ্র করে দুই কৃষকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক কৃষকের হাত ভেঙে গেছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বরাইদ গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন, বরাইদ গ্রামের মৃত আঃ বারেকের ছেলে মোঃ মাহাবুল আলম খান (৩৫) এবং একই এলাকার মোঃ রুবেল মিয়া। বর্তমানে তারা ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
আহত মাহাবুল আলম খান অভিযোগ করে বলেন, বুধবার (৬ আগস্ট) রাতে তিনি রুবেল মিয়াকে নিজের জমিতে ধান রোপণের জন্য বলেন। পরদিন সকালে রুবেল মিয়া কাজ শুরু করতে তার বাড়িতে আসেন। এ সময় একই গ্রামের মৃত আছু শেখের ছেলে হান্না মিয়া (৪২) ও মোঃ শুকুর আলী (৫৫) সেখানে এসে গালিগালাজ শুরু করেন এবং রুবেলকে তাদের ক্ষেতে কাজ করার নির্দেশ দেন। একপর্যায়ে হান্না মিয়া রুবেল মিয়াকে এলোপাতাড়ি মারধর শুরু করেন।
মাহাবুল আলম হামলা থামাতে গেলে শুকুর আলী তাকেও কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। পরে হান্না মিয়া হাতে থাকা বাঁশ দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করলে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে তার ডান হাতের কনুইতে লাগে, এতে হাতের হাড় ভেঙে যায়। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা খুন ও জখমের হুমকি দিয়ে চলে যান।
স্থানীয় মাদ্রাসা শিক্ষক সোহেল মিয়া বলেন, হান্না মিয়া এর আগেও একাধিকবার বিভিন্ন লোকজনের ওপর হামলা চালিয়েছে।
মেদুয়ারী ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ সাঈদ বলেন, “বিষয়টি আমি শুনেছি। উভয়পক্ষকে নিয়ে মীমাংসার চেষ্টা করছি।”
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ বিষয়ে অভিযুক্ত হান্না মিয়া কোনো মন্তব্য করতে রাজি হননি।
