ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে খাবার আনতে গিয়ে ১০ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিশু উপজেলার রাজীবপুর ইউনিয়নের বিলখেরুয়া গ্রামের মো. মঞ্জিলের ছেলে।রবিবার (২১ জুলাই) বিকালে ভুক্তভোগীর বাবা ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দেন।
এর আগে শনিবার বিকেলে উপজেলার মগটুলা ইউনিয়নের মগটুলা তরফ পাছাইল উম্মে কোরআন নূরানি হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন এ ঘটনা ঘটে। ১০ বছরের শিশুটি ওই মাদরাসার নাজেরা বিভাগের ছাত্র।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, শনিবার আনুমানিক বিকেল ৫:৩০ ঘটিকায় মাদ্রাসা থেকে আসার সময় মগটুলা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুস সাত্তার (৬০) জোরপূর্বক বলাৎকার করে। পরবর্তীতে ভুক্তভোগী শিশু বাড়িতে এসে ঘটনার বিস্তারিত জানায়। পরে শিশুটির বাবা মাদ্রাসার মুহতামিম নুরুজ্জামানকে বিষয়টি জানালে তিনি বিচারের আশ্বাস দেন। কিন্তু পরবর্তীতে বিভিন্ন অজুহাতে কালক্ষেপণ করতে থাকে মুহতামিম নুরুজ্জামান। এক পর্যায়ে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন হবে বিধায় মাদ্রাসার নাম বাইরে না জানাতে শিশুটির বাবাকে জোরাজোরি করে মুহতামিম।
এ বিষয়ে মগটুলা তরফ পাছাইল উম্মে কোরআন নূরানি হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম নুরুজ্জামানকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, বিষয়টি জানতে পেরেছি ভুক্তভোগীর পরিবারকে থানার মামলা করার পরামর্শ এবং সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছি।
