ভালুকায় চা দোকানিদের পুনর্বাসনে উপজেলা ও পৌর প্রশাসনের নান্দনিক টি-স্টল উপহার

স্টাফ রিপোর্টার
প্রকাশিত : ১৫ জুলাই ২০২৫, ০১:৫৩ পিএম

ময়মনসিংহের ভালুকায় যানবাহন ও জনসাধারণের চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে মহাসড়কের পাশের অবৈধ চা দোকান উচ্ছেদ করে সেই দোকানিদের পুনর্বাসনের অংশ হিসেবে নান্দনিক টি-স্টল হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন ও ভালুকা পৌরসভা।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ পৌর এলাকার ২৬ জন চা দোকানির মাঝে ওই স্টলগুলো হস্তান্তর করেন। মাত্র ৫০০ টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে এসব দোকানিরা স্টলগুলো পেয়েছেন।

এর আগে, মহাসড়কের পাশে গড়ে ওঠা অস্থায়ী চা দোকানগুলো যানজট ও জনভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। জনস্বার্থে সেই দোকানগুলো উচ্ছেদ করা হলেও মানবিক দিক বিবেচনা করে সংশ্লিষ্ট দোকানিদেরকে বিনামূল্যে পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করা হয়।

স্টল হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, “উচ্ছেদের পর দোকানিরা বেকার হয়ে পড়েন। মানবিক দিক বিবেচনায় তাদের পুনর্বাসনের জন্য বিনামূল্যে দোকানগুলো দেওয়া হয়েছে। তারা যেন এসব দোকান পরিচ্ছন্ন রাখে, সাজিয়ে-গুছিয়ে পরিচালনা করে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।”

 সম্পাদক ও প্রকাশক : আশিকুর রহমান | কপিরাইট © ভোরের পোস্ট, সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন