ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আকাশপথে অভিযান চালানোর সময় আবারও হেলিকপ্টার দুর্ঘটনার ঘটনা ঘটেছে। রোববার বোর্নিও দ্বীপের দক্ষিণ কালিমান্তান প্রদেশে বারিতো নদীতে পানি সংগ্রহ করতে গিয়ে বিধ্বস্ত হয় অগ্নিনির্বাপণ কাজে নিয়োজিত একটি হেলিকপ্টার। এ ঘটনায় দুই ক্রু সদস্যকে জীবিত উদ্ধার করা হলেও অপর একজন এখনো নিখোঁজ রয়েছেন।
জাকার্তা থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র বার্টন পানজাইতান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার হওয়া দুই ক্রু সদস্য অস্ট্রেলীয় নাগরিক এবং তাঁরা নিরাপদে রয়েছেন। নিখোঁজ তৃতীয় ক্রু সদস্য ইন্দোনেশীয় নাগরিক।
প্রত্যক্ষদর্শীর ধারণ করা ভিডিওতে দুর্ঘটনার দৃশ্য উঠে এসেছে। এতে দেখা যায়, বিশেষ বালতির সাহায্যে বারিতো নদী থেকে পানি সংগ্রহের পর হেলিকপ্টারটি ধীরে ধীরে নিচের দিকে ঝুঁকে পড়ে। একপর্যায়ে সামনের অংশ নিচের দিকে নিয়ে নদীতে আছড়ে পড়ে সেটি।
দুর্ঘটনায় পড়া হেলিকপ্টারটি ইউরোকপ্টার ইসি-২২৫এলপি সুপার পুমা মডেলের। এটি দাবানল নিয়ন্ত্রণে পানি ছিটানোর কাজে নিয়োজিত একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকানাধীন। দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা ওই প্রতিষ্ঠানকে অগ্নিনির্বাপণ অভিযানে নিয়োগ দিয়েছিল।
এদিকে, কয়েক দিনের ব্যবধানে দাবানল মোকাবিলায় নিয়োজিত হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার দ্বিতীয় ঘটনা এটি। এর আগে বুধবার বোর্নিও উপকূলের কাছে তানজুং পুতিং জাতীয় উদ্যানের দাবানল নেভানোর অভিযানে আটজন আরোহী নিয়ে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, আগুন নেভানোর জন্য পানি সংগ্রহ করতে গিয়ে হেলিকপ্টারটি সমুদ্রে বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি ঘটে। এর কারণও তদন্ত করা হচ্ছে।
উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া কয়েক মাস ধরে ভয়াবহ দাবানল মোকাবিলা করছে। সুমাত্রা, বোর্নিও ও পাপুয়া দ্বীপের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়েছে আগুন। দাবানলের ধোঁয়ায় সৃষ্ট ঘন কুয়াশা শুধু দেশটির মধ্যেই সীমাবদ্ধ থাকেনি; প্রতিবেশী মালয়েশিয়া, পূর্ব তিমুর ও সিঙ্গাপুরেও ছড়িয়ে পড়েছে।
দাবানল নিয়ন্ত্রণে স্থলভাগে অগ্নিনির্বাপণ কর্মীদের পাশাপাশি আকাশপথেও ব্যাপক অভিযান পরিচালনা করছে ইন্দোনেশিয়া। এর মধ্যেই পরপর দুটি হেলিকপ্টার দুর্ঘটনা দেশটির অগ্নিনির্বাপণ কার্যক্রমে নতুন উদ্বেগ তৈরি করেছে।
