দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় জনবল সংকট কাটাতে বড় পরিসরে নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্টসহ বিভিন্ন পদে প্রায় ১০ হাজার জনবল নিয়োগের প্রস্তুতি চলছে। এর মধ্যে প্রায় ৫ হাজার মেডিকেল টেকনোলজিস্ট এবং ২ হাজার ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা রয়েছে। এসব পদে নিয়োগের বিজ্ঞপ্তি চলতি বছরের ডিসেম্বরের মাঝামাঝি প্রকাশ হতে পারে।
তবে নিয়োগের আগে শূন্য পদের সঠিক সংখ্যা নিশ্চিত করতে মাঠপর্যায়ে তথ্য যাচাই করছে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস)। বিদ্যমান ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) তথ্যে কারিগরি ত্রুটির কারণে অসংগতি দেখা দেওয়ায় দেশের প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র থেকে হালনাগাদ জনবলের তথ্য চাওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমি বাসসকে বলেন, শুধু এমআইএসের তথ্যের ওপর নির্ভর না করে প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এসব তথ্য একত্র ও যাচাই-বাছাইয়ের পর নিয়োগের চূড়ান্ত চাহিদা নির্ধারণ করা হবে।
বড় নিয়োগের পাশাপাশি হিসাব সহকারী, হিসাবরক্ষক ও অফিস সহকারীসহ বিভিন্ন পদে আরও প্রায় ১৫০ জন কর্মী নিয়োগের প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। আগামী দুই সপ্তাহের মধ্যে এসব পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে বলে জানান তিনি।
এদিকে জেলা পর্যায়ে স্বাস্থ্য সহকারী নিয়োগ কার্যক্রমও চলমান রয়েছে। কিছু এলাকায় এ প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অন্য এলাকায় এখনো নিয়োগ কার্যক্রম চলছে। তবে কয়েকটি জেলায় আদালতে মামলা বিচারাধীন থাকায় সংশ্লিষ্ট নিয়োগ প্রক্রিয়া শেষ করতে কিছুটা বিলম্ব হচ্ছে।
নিয়োগে বিশেষ কমিটি, গুরুত্ব পাবে স্বচ্ছতা
নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ১১ থেকে ২০তম গ্রেডের নন-মেডিকেল পদগুলোর জন্য বিশেষ নিয়োগ কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে। এতে স্বাস্থ্য অধিদপ্তর, সরকারি কর্ম কমিশন (পিএসসি), জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা থাকবেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) কমিটির সভাপতি এবং উপপরিচালক (প্রশাসন) সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমি জানান, নিয়োগ কমিটি পরীক্ষার নীতিমালা নির্ধারণ করবে। এরপর লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মানদণ্ড অনুসরণ করা হবে।
তিনি আরও বলেন, নিয়োগ কমিটির তত্ত্বাবধানে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ফল প্রকাশের আগে উত্তরপত্র মূল্যায়ন করা হবে।
বিসিএস ক্যাডারের মেডিকেল ও ডেন্টাল স্নাতক চিকিৎসকদের নিয়োগ পিএসসির মাধ্যমে হয়ে থাকে। এ ছাড়া ৭ম ও ৯ম গ্রেডের কিছু নন-মেডিকেল পদও এই কমিশনের মাধ্যমে পূরণ করা হয় বলে জানান তিনি।
দুর্নীতির অভিযোগে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা
স্বাস্থ্য খাতে দুর্নীতির অভিযোগ এবং প্রশাসনিক শৃঙ্খলা প্রসঙ্গে অধ্যাপক রুমি বলেন, কোনো কর্মকর্তার বিরুদ্ধে অসদাচরণের সন্দেহ দেখা দিলে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা হিসেবে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা বা দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে।
তবে তার জানা মতে, এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে দুর্নীতির অভিযোগে কোনো বিভাগীয় মামলা হয়নি। এ পর্যন্ত যেসব বিভাগীয় মামলা হয়েছে, সেগুলোর বেশিরভাগই কর্মস্থলে অনুপস্থিতি ও অসদাচরণসংক্রান্ত বলে জানান তিনি।
অচল চিকিৎসা সরঞ্জাম সচল করার উদ্যোগ
স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসা সরঞ্জামের যথাযথ ব্যবহার নিশ্চিত করতেও নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অব্যবহৃত বা অচল যন্ত্রপাতি কার্যকরভাবে ব্যবহার এবং সময়মতো মেরামতের ব্যবস্থা নিতে মাঠপর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি দাপ্তরিক চিঠিপত্র ও নথিপত্র দ্রুত নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।
অধ্যাপক রুমি জানান, কেন্দ্রীয় যানবাহন ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ সংস্থা (টিইএমও) কার্যকর করার পাশাপাশি বিভাগীয় পর্যায়ের দপ্তরগুলোর সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) তৈরির কাজ চলছে।
সব মিলিয়ে নতুন জনবল নিয়োগ, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং বিদ্যমান চিকিৎসা সরঞ্জামের কার্যকর ব্যবহার বাড়ানোর মাধ্যমে স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।


