লোড হচ্ছে...
মূল কনটেন্টে যান

ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় এ পর্যন্ত এজাহারভুক্ত ৯৫ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

ডেস্ক রিপোর্ট
ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেফতার
সাজ্জাদ আকিব, ছবি : বাসস

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত পলাতক আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাজ্জাদ আকিবকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২০ নভেম্বর) ভোররাতে ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের জসীম উদ্দীনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাজ্জাদ আকিব নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঘোপাল ইউনিয়ন শাখার সক্রিয় সদস্য। এ ছাড়া বিভিন্ন অপতৎপরতায় জড়িত থাকার তথ্যও রয়েছে তার বিরুদ্ধে।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের বাসসকে জানান, ২০১৭ সালের ২৮ অক্টোবর কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মুহুরীগঞ্জ এলাকায় বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।

ওই ঘটনায় বিএনপি নেতা সুলতান মুহাম্মদ সিকান্দার ভুট্টো বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। সেই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে সাজ্জাদ আকিবকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবারই তাকে আদালতে হাজির করা হবে বলে জানান ওসি।

অন্যদিকে, ছাগলনাইয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. ইসমাঈল জানান, গ্রেফতার আকিবের বিরুদ্ধে অন্য কোনো মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় এ পর্যন্ত এজাহারভুক্ত ৯৫ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

ভোরের পোস্ট/বাসস/রেকা

এই সংবাদটি শেয়ার করুন
সঠিক তথ্য ছড়িয়ে দিতে সহায়তা করুন
আরও পড়ুন

সম্পর্কিত সংবাদ

জনপ্রিয়

সর্বাধিক পঠিত

মন্তব্য (০)

মন্তব্য প্রকাশের আগে সম্পাদকীয় যাচাই করা হয়। আপত্তিকর, উসকানিমূলক বা ব্যক্তিগত আক্রমণমূলক মন্তব্য প্রকাশ করা হবে না।

মন্তব্য প্রকাশের আগে মডারেশনের মধ্য দিয়ে যায়।