কম বিনিয়োগে অল্প সময়ে লাভের সুযোগ তৈরি হওয়ায় দিনাজপুরে জনপ্রিয় হয়ে উঠছে চীনা পেকিন হাঁস পালন। বাড়ির আঙিনায় ছোট পরিসরে খামার গড়ে শত শত নারী যুক্ত হচ্ছেন আয়মূলক এই উদ্যোগে।
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সোনামুখী গ্রামের গৃহবধূ জুলেখা বেগম। বয়স মাত্র ৩০ বছর। একসময় সংসারের কাজেই সীমাবদ্ধ ছিল তাঁর দৈনন্দিন জীবন। এখন বাড়ির আঙিনায় পেকিন হাঁস পালন করে আয় করছেন তিনি। তুলনামূলক কম বিনিয়োগ ও অল্প সময়ে হাঁস বিক্রি করে পাওয়া অর্থ তাঁর জীবনে এনেছে আর্থিক স্বচ্ছলতার নতুন সম্ভাবনা।
জুলেখা জানান, ২০২৫ সালের ১১ অক্টোবর পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহায়তায় ভর্তুকি মূল্যে পাওয়া ৩৫টি পেকিন হাঁসের বাচ্চা দিয়ে তিনি খামার শুরু করেন। স্বামী মো. নাজির হোসেনের সহযোগিতায় বাড়ির টিনের ছাউনিযুক্ত ও চারপাশে জাল দিয়ে ঘেরা জায়গায় হাঁসগুলো বড় করতে থাকেন।
হাঁসের সুস্থ বিকাশের জন্য নিয়মিত খাবার, বিশুদ্ধ পানি, আলো ও অক্সিজেনের ব্যবস্থা করেন তিনি। দিনের বেলায় হাঁসগুলোকে কাছের মাঠে ঘাস খেতে দেন এবং পুকুরে সাঁতার কাটার সুযোগ করে দেন। খাবার হিসেবে ব্যবহার করেন সেদ্ধ খুদ, চালের গুঁড়া, ভুসি ও পানির মিশ্রণ।
জুলেখা বলেন, সাধারণত দুই থেকে আড়াই মাসের মধ্যে পেকিন হাঁস বিক্রির উপযোগী হয়। এ সময় প্রতিটি হাঁসের ওজন চার থেকে পাঁচ কেজি পর্যন্ত হতে পারে। বাজারের চাহিদা অনুযায়ী প্রতিটি পূর্ণবয়স্ক হাঁস পাইকারি বিক্রেতাদের কাছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি করা যায়।
প্রথম দফায় ৩৫টি হাঁস প্রতিটি ১ হাজার ২০০ টাকা দরে মোট ৪২ হাজার টাকায় বিক্রি করেন তিনি। এই সাফল্যে উৎসাহিত হয়ে পরবর্তী সময়ে দুই দফায় আরও ৭০টি হাঁস পালন করেন। সেগুলোও প্রতিটি ১ হাজার ২০০ টাকা দরে বিক্রি করে আয় করেন ৮৪ হাজার টাকা। পরে গত ৪ মে তৃতীয় দফার ৩৫টি হাঁস প্রতিটি ১ হাজার ৪০০ টাকা দরে বিক্রি করে পান ৪৯ হাজার টাকা।
গত ঈদুল আজহায় হাঁসের মাংসের চাহিদা বেড়ে যাওয়ায় তুলনামূলক ভালো দাম পেয়েছিলেন বলেও জানান তিনি।
দেশি হাঁসের সঙ্গে পেকিন হাঁসের তুলনা করে জুলেখা বলেন, একটি দেশি হাঁস থেকে সাধারণত এক কেজির কিছু বেশি মাংস পাওয়া যায়। তাতে হাড়ের পরিমাণও বেশি থাকে। অন্যদিকে, একটি পেকিন হাঁস থেকে দেশি হাঁসের তুলনায় তিন থেকে চার গুণ বেশি মাংস পাওয়া সম্ভব।
জুলেখার মতো দিনাজপুরের আরও অনেক গ্রামীণ নারী এখন পেকিন হাঁস পালনে যুক্ত হচ্ছেন। দ্রুত বৃদ্ধি, বেশি মাংস উৎপাদন এবং তুলনামূলক কম সময়ে বিক্রির উপযোগী হয়ে ওঠার কারণে চীনে উদ্ভাবিত এই জাতটি নারী উদ্যোক্তাদের কাছে জনপ্রিয়তা পাচ্ছে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম জানান, চলতি বছর দিনাজপুরের ১৩টি উপজেলায় এক হাজারের বেশি ছোট-বড় হাঁসের খামার গড়ে উঠেছে। বিশেষ করে গ্রামীণ নারীদের মধ্যে পেকিন হাঁস পালনের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
তিনি বলেন, দেশি হাঁসের তুলনায় পেকিন জাতের হাঁস বেশি মাংস দেয়। দুই মাসের মধ্যেই একেকটি হাঁসের ওজন চার থেকে পাঁচ কেজি হতে পারে। এ কারণে হোটেল মালিক ও বাণিজ্যিক ক্রেতাদের কাছেও জাতটি আকর্ষণীয় হয়ে উঠেছে।
রাস্তার পাশের খাবারের দোকান ও স্থানীয় রেস্তোরাঁগুলোতে হাঁসের মাংসের চাহিদা বাড়ায় আগের বছরগুলোর তুলনায় পেকিন হাঁসের চাহিদা কয়েক গুণ বেড়েছে। ক্রেতাদের চাহিদা পূরণে অনেক রেস্তোরাঁ মালিক এখন সরাসরি খামার থেকে হাঁস সংগ্রহ করছেন।
পিকেএসএফের কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম বলেন, গ্রামীণ নারীদের লাভজনক হাঁস পালনের সঙ্গে যুক্ত করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
তিনি জানান, দিনাজপুরের সাতটি সমিতির ২৪২ জন গ্রামীণ নারী ইতোমধ্যে পেকিন হাঁস পালন করে সফল হয়েছেন। পিকেএসএফের সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র (এমবিএসকে) জেলার বিভিন্ন এলাকায় নারীদের এ কর্মসূচিতে যুক্ত করেছে। সংস্থাটি প্রতিটি উপজেলা থেকে ১২৫ জন গৃহবধূকে কর্মসূচির আওতায় এনেছে। বর্তমানে দিনাজপুর সদর, বিরল, চিরিরবন্দর ও ফুলবাড়ী উপজেলার বিভিন্ন গ্রামে কার্যক্রমটি ছড়িয়ে পড়েছে।
আস্করপুর, আউলিয়াপুর, ফাজিলপুর, বিশ্বনাথপুর, ফারাক্কাবাদ, তেঁতুলিয়া, সোনামুখী, রানীবন্দর, নশরতপুর, বেলতলী, ঝাড়বাড়ী, সুজাপুর ও খয়েরবাড়ীসহ বিভিন্ন গ্রাম পেকিন হাঁস পালনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে।
রাশেদুল ইসলাম বলেন, পেকিন হাঁস পালনে তুলনামূলক কম যত্নের প্রয়োজন হয়। রোগবালাইয়ের প্রবণতা কম হওয়ায় মৃত্যুহারও কম। ফলে স্বল্প আয়ের গ্রামীণ পরিবারগুলো সামান্য বিনিয়োগ ও শ্রম দিয়ে এ খাত থেকে মুনাফা অর্জন করতে পারে।
তিনি আরও জানান, কর্মসূচির শুরুতে নারীদের বিনামূল্যে হাঁসের বাচ্চা দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে ভর্তুকি মূল্যে বাচ্চা সরবরাহ করা হয়েছে। পাশাপাশি হাঁসের খাবার, লালন-পালন ও খামার ব্যবস্থাপনা বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে।
এ কর্মসূচিতে সফল নারীদের সবাই এমবিএসকের সদস্য। তাঁদের মধ্যে রয়েছেন পারুল রানী, প্রতিমা সরকার, বুলবুলি, মরজিনা, সোহেলি, ময়ূরী, শর্মিলা দাস, সালেহা বেগম, আসমা বেগম ও মরজিনা খাতুনসহ অনেকে।
নারীদের কাছে নিয়মিত হাঁসের বাচ্চা সরবরাহ নিশ্চিত করতে এমবিএসকে আধুনিক ইনকিউবেশন মেশিনের মাধ্যমে পেকিন জাতের হাঁসের বাচ্চা ফোটানোর ব্যবস্থাও গড়ে তুলেছে। পাশাপাশি খামার পরিচালনায় নিয়মিত কারিগরি সহায়তা ও পরামর্শ দিচ্ছে সংস্থাটি।
দিনাজপুর জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের প্রাণিসম্পদ সার্জন ডা. আশিকা আকবর তিশা বলেন, উন্নত চীনা পেকিন জাতের হাঁস পালনে গ্রামীণ নারীদের সাফল্য তাঁদের অর্থনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক।
তিনি জানান, উন্নত জাতের হাঁস ও পোল্ট্রি পালনে আগ্রহী নারীদের প্রয়োজনীয় কারিগরি পরামর্শ ও সহায়তা দিতে প্রাণিসম্পদ অধিদপ্তর প্রস্তুত রয়েছে। এ লক্ষ্যে জেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের খামারিদের সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
একসময় পারিবারিক পর্যায়ে সীমিত পরিসরে শুরু হওয়া পেকিন হাঁস পালন এখন দিনাজপুরের গ্রামীণ অর্থনীতিতে সম্ভাবনাময় উদ্যোগ হিসেবে বিস্তৃত হচ্ছে। বাড়ির আঙিনায় ছোট খামার গড়ে নারীরা যেমন নিজেদের আয়ের পথ তৈরি করছেন, তেমনি সংসারে বাড়াচ্ছেন আর্থিক অবদান। যথাযথ প্রশিক্ষণ, কারিগরি সহায়তা ও বাজারসংযোগ নিশ্চিত করা গেলে এই উদ্যোগ গ্রামীণ নারীদের স্বনির্ভরতার আরও বড় ক্ষেত্র হয়ে উঠতে পারে।