পাঁচ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে তিনি সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় বিমানবন্দরে উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির ভালোবাসা ও আন্তরিকতায় সিক্ত হন জামায়াত আমির। তার এ সফরে অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক এবং প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।
ডা. শফিকুর রহমানের সফরসঙ্গী হিসেবে রয়েছেন সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান এবং বিরোধীদলীয় নেতার একান্ত সচিব (এপিএস) মুহাম্মদ নজরুল ইসলাম।
সফরকালে অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন বিরোধীদলীয় নেতা। পাশাপাশি দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতেও যোগ দেবেন তিনি।
অস্ট্রেলিয়া সফর শেষে জামায়াতে ইসলামীর আমির মালয়েশিয়া যাবেন। সেখানে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে তার।
অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফর শেষে আগামী ২৬ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।
