লোড হচ্ছে...
মূল কনটেন্টে যান

সড়কে প্রাণহানি ঠেকাতে সরকারের পাঁচ উদ্যোগ, বদলাবে আইন ও বাড়বে নজরদারি

বেপরোয়া গতি, বিপজ্জনক ওভারটেকিং, ফিটনেসবিহীন যানবাহন ও ট্রাফিক আইন অমান্যের কারণে প্রতিনিয়ত ঝরছে প্রাণ। কোনো কোনো দুর্ঘটনায় একই পরিবারের একাধিক সদস্যের মৃত্যুতে পুরো পরিবারই নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে সড়কে শৃঙ্খলা ফেরানো ও দুর্ঘটনা কমাতে পাঁচটি বিশেষ উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে সরকার।

ডেস্ক রিপোর্ট
সড়কে প্রাণহানি ঠেকাতে সরকারের পাঁচ উদ্যোগ, বদলাবে আইন ও বাড়বে নজরদারি
ছবি : সংগ্রহীত

দেশে সড়ক দুর্ঘটনা যেন প্রতিদিনের ঘটনায় পরিণত হয়েছে। বেপরোয়া গতি, বিপজ্জনক ওভারটেকিং, ফিটনেসবিহীন যানবাহন ও ট্রাফিক আইন অমান্যের কারণে প্রতিনিয়ত ঝরছে প্রাণ। কোনো কোনো দুর্ঘটনায় একই পরিবারের একাধিক সদস্যের মৃত্যুতে পুরো পরিবারই নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে সড়কে শৃঙ্খলা ফেরানো ও দুর্ঘটনা কমাতে পাঁচটি বিশেষ উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে সরকার।

উদ্যোগগুলোর মধ্যে রয়েছে বিদ্যমান সড়ক পরিবহন আইন সংস্কার করে নতুন আইন প্রণয়ন, কয়েক হাজার চালককে প্রশিক্ষণ, যাত্রী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে প্রচার ও লিফলেট বিতরণ, সড়কের বাঁক ও ঝুঁকিপূর্ণ স্থানে স্পষ্ট নির্দেশক চিহ্ন স্থাপন এবং সড়ক-মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম জোরদার করা।

রোড সেফটি ফাউন্ডেশনের পরিসংখ্যান বলছে, ২০২০ সাল থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত দেশে সড়ক দুর্ঘটনায় অন্তত ৪৫ হাজার ২৫২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৩৮ হাজার ৩৫৭টি দুর্ঘটনায় ২০২৫ সাল পর্যন্ত ৪০ হাজার ৬০৫ জন নিহত এবং ৬৭ হাজার ৩৬৪ জন আহত হয়েছেন। অন্যদিকে ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ৫ হাজার ৯৩টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪ হাজার ৬৪৭ জন।

সংস্থাটির পৃথক পারিবারিক বিশ্লেষণে আরও দেখা গেছে, ২০২০ সাল থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০টি পরিবার সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে। মোটরসাইকেল, অটোরিকশা, মাইক্রোবাস, ব্যক্তিগত গাড়ি, বাস ও পিকআপ দুর্ঘটনায় এসব পরিবারের সদস্যদের প্রাণহানি ঘটে।

২০২৫ সালের বার্ষিক হিসাবেও দুর্ঘটনার ভয়াবহ চিত্র উঠে এসেছে। ওই বছর ৭ হাজার ৫৮৪টি সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৩৫৯ জন নিহত এবং ১৬ হাজার ৪৭৬ জন আহত হয়েছেন। মোটরসাইকেল দুর্ঘটনা, পথচারীদের নিরাপত্তাহীনতা এবং গণপরিবহনের অনিয়ন্ত্রিত চলাচল সড়ক নিরাপত্তার বড় উদ্বেগ হিসেবে দেখা দিয়েছে।

রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণে অতিরিক্ত গতি ও বেপরোয়া গাড়ি চালানোকে দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া ত্রুটিপূর্ণ যানবাহন, দুর্বল সড়ক অবকাঠামো, চালকদের অদক্ষতা, অনিয়ন্ত্রিত কর্মঘণ্টা, মহাসড়কে ধীরগতির যানবাহনের চলাচল এবং ট্রাফিক আইন অমান্যের প্রবণতাও দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।

সংস্থাটির নির্বাহী পরিচালক সাইদুর রহমান বাসসকে বলেন, সড়ক দুর্ঘটনায় প্রাণহানির পাশাপাশি একই পরিবারের একাধিক সদস্যের মৃত্যুর ঘটনা বাড়ছে। এর প্রধান কারণ ট্রাফিক আইন অমান্য, অতিরিক্ত গতি ও বেপরোয়া গাড়ি চালানো। দুর্ঘটনা কমাতে নিয়মিত ও নিরপেক্ষভাবে আইন প্রয়োগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি চালকদের প্রশিক্ষণ, কর্মঘণ্টা নিয়ন্ত্রণ এবং সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।

আইন সংস্কার ও চালকদের প্রশিক্ষণে গুরুত্ব

সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় দেশে বর্তমানে সড়ক পরিবহন আইন, ২০১৮ কার্যকর রয়েছে। ২০১৯ সালের ১ নভেম্বর থেকে কার্যকর হওয়া এ আইনে চালক, পরিবহন মালিক, যাত্রী ও পথচারীদের দায়িত্ব নির্ধারণের পাশাপাশি আইন অমান্যের জন্য বিভিন্ন শাস্তির বিধান রাখা হয়েছে।

তবে সময়ের সঙ্গে সড়ক নিরাপত্তার বাস্তবতা, যানবাহনের ধরন এবং দুর্ঘটনার নতুন ঝুঁকি বিবেচনায় বিদ্যমান আইন সংস্কার করে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। সংশ্লিষ্টদের মতে, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় আইনকে আরও কার্যকর ও বাস্তবসম্মত করা প্রয়োজন।

সরকারের দ্বিতীয় উদ্যোগ চালকদের দক্ষতা বাড়ানো। এ লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কয়েক হাজার চালককে প্রশিক্ষণ দেওয়ার কার্যক্রম শুরু করেছে। প্রশিক্ষণে ট্রাফিক আইন, নিরাপদ গতিতে গাড়ি চালানো, বিপজ্জনক পরিস্থিতি মোকাবিলা এবং সড়কে দায়িত্বশীল আচরণের বিষয়গুলো গুরুত্ব পাবে।

কারণ, যথাযথ প্রশিক্ষণ ও দক্ষতার অভাবে অনেক চালক ঝুঁকিপূর্ণভাবে গাড়ি চালান। এতে দুর্ঘটনার আশঙ্কা বাড়ে।

যাত্রী সচেতনতা ও ঝুঁকিপূর্ণ বাঁকে সতর্কতামূলক চিহ্ন

তৃতীয় উদ্যোগ হিসেবে যাত্রী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে প্রচার কার্যক্রম এবং লিফলেট বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। সড়ক নিরাপত্তা শুধু চালকদের দায়িত্ব নয়, যাত্রী ও পথচারীদেরও ট্রাফিক আইন মেনে চলতে হবে।

চলন্ত অবস্থায় চালককে অযথা চাপ না দেওয়া, নির্ধারিত স্থানে ওঠানামা, চলন্ত গাড়িতে ওঠানামা থেকে বিরত থাকা এবং নিরাপদে রাস্তা পারাপারের বিষয়ে মানুষকে সচেতন করাই এ উদ্যোগের লক্ষ্য।

চতুর্থ উদ্যোগের আওতায় সড়কের বাঁক, মোড়, ঢাল ও দুর্ঘটনাপ্রবণ স্থানে নির্দেশক ও সতর্কতামূলক চিহ্ন আরও স্পষ্টভাবে স্থাপন করা হবে। দেশের অনেক সড়কে এসব স্থানে পর্যাপ্ত সতর্কতামূলক চিহ্ন নেই। কোথাও থাকলেও দৃশ্যমানতা কম থাকায় চালকরা আগাম সতর্ক হওয়ার সুযোগ পান না।

ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে স্পষ্ট নির্দেশক চিহ্ন স্থাপন করা হলে চালকরা আগে থেকেই গতি নিয়ন্ত্রণ এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে পারবেন।

মহাসড়কে নজরদারি ও আইন প্রয়োগ জোরদার

সরকারের পঞ্চম উদ্যোগ সড়ক ও মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও কার্যকর করা। অতিরিক্ত গতি, বিপজ্জনক ওভারটেকিং, অবৈধ পার্কিং, ফিটনেসবিহীন যানবাহন চলাচল এবং ট্রাফিক সংকেত অমান্যের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও আইনগত ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিশেষ করে দুর্ঘটনাপ্রবণ এলাকায় টহল বাড়ানো, যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।

বিআরটিএর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোহাম্মদ হাবীবুর রহমান বাসসকে বলেন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় চালকের বৈধ লাইসেন্স, যানবাহনের ফিটনেস এবং নিবন্ধন নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে বিআরটিএ নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে।

তিনি বলেন, সড়কে আইন মানার সংস্কৃতি গড়ে তুলতে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। চালক, মালিক ও যাত্রী-সবারই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো, নিবন্ধন ও ফিটনেসবিহীন যানবাহন পরিচালনা, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, বিপজ্জনক ওভারটেকিং এবং ট্রাফিক সংকেত অমান্য করা শাস্তিযোগ্য অপরাধ। এসব অপরাধের জন্য আইনে কারাদণ্ড, অর্থদণ্ড এবং চালকের লাইসেন্সের পয়েন্ট কর্তনের বিধান রয়েছে। তবে বাস্তবে এসব বিধানের ধারাবাহিক প্রয়োগ নিয়ে প্রশ্ন রয়েছে।

শুধু চালকের ভুল নয়, দায় রয়েছে সড়ক ব্যবস্থাপনাতেও

সড়ক দুর্ঘটনার জন্য শুধু চালকদের দায়ী করার সুযোগ নেই বলে মনে করেন পরিবহন ও সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞরা। চালকদের অতিরিক্ত কর্মঘণ্টা, পর্যাপ্ত বিশ্রামের অভাব এবং নির্ধারিত সময়ের মধ্যে বেশি ট্রিপ সম্পন্ন করতে পরিবহন মালিকদের চাপও দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়।

তাই চালকদের প্রশিক্ষণের পাশাপাশি পরিবহন মালিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে যানবাহনের যান্ত্রিক ত্রুটি শনাক্তে কার্যকর ফিটনেস পরীক্ষা এবং মহাসড়কে ধীরগতির যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ প্রয়োজন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ও পরিবহন এবং সড়ক নিরাপত্তা প্রকৌশল বিশেষজ্ঞ ড. মো. শামসুল হক বাসসকে বলেন, সড়ক দুর্ঘটনাকে কেবল চালকের ভুল হিসেবে দেখার সুযোগ নেই। এর সঙ্গে সড়কের নকশা, অবকাঠামোগত ত্রুটি, যানবাহনের মান, ট্রাফিক ব্যবস্থাপনা এবং পথচারীদের নিরাপত্তার বিষয়গুলোও জড়িত।

তিনি বলেন, অনেক সড়কে পর্যাপ্ত ফুটপাত, নিরাপদ পারাপারের ব্যবস্থা ও কার্যকর সিগন্যাল নেই। দুর্ঘটনা কমাতে নিরাপদ সড়ক অবকাঠামো গড়ে তোলার পাশাপাশি আইন প্রয়োগ ও যানবাহন ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ নিতে হবে।

সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে দুর্ঘটনাপ্রবণ স্থান চিহ্নিত করে অবকাঠামোগত সংস্কার, ফুটপাত দখলমুক্ত রাখা, জেব্রা ক্রসিং দৃশ্যমান করা এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতাল এলাকায় গতিসীমা নিয়ন্ত্রণও জরুরি। পাশাপাশি দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।

পরিবহন মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক বাসসকে বলেন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও দুর্ঘটনা কমাতে সরকার সমন্বিতভাবে কাজ করছে। এ লক্ষ্যে বিদ্যমান আইন সংস্কার করে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি চালকদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ, যাত্রী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি, সড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে সতর্কতামূলক নির্দেশক চিহ্ন স্থাপন এবং মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম জোরদার করা হচ্ছে।

তিনি বলেন, আইন অমান্যের বিরুদ্ধে কঠোরতা এবং জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে সড়কে নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ গড়ে তুলতে সরকার কাজ করছে। তবে শুধু সরকারের উদ্যোগে নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব নয়। এ জন্য চালক, পরিবহন মালিক, যাত্রী ও পথচারী-সবার দায়িত্বশীল আচরণ প্রয়োজন।

সংশ্লিষ্টদের মতে, সরকারের পাঁচ উদ্যোগ বাস্তবায়নের পাশাপাশি নিয়মিত তদারকি, আইনের নিরপেক্ষ প্রয়োগ এবং সড়ক অবকাঠামোর প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে হবে। কারণ, পরিকল্পনা গ্রহণের চেয়ে সেগুলোর মাঠপর্যায়ে কার্যকর বাস্তবায়নই হবে সড়ক দুর্ঘটনা কমানোর সবচেয়ে বড় পরীক্ষা।

ভোরের পোস্ট/বাসস/এসএইচ

এই সংবাদটি শেয়ার করুন
সঠিক তথ্য ছড়িয়ে দিতে সহায়তা করুন
আরও পড়ুন

সম্পর্কিত সংবাদ

জনপ্রিয়

সর্বাধিক পঠিত

মন্তব্য (০)

মন্তব্য প্রকাশের আগে সম্পাদকীয় যাচাই করা হয়। আপত্তিকর, উসকানিমূলক বা ব্যক্তিগত আক্রমণমূলক মন্তব্য প্রকাশ করা হবে না।

মন্তব্য প্রকাশের আগে মডারেশনের মধ্য দিয়ে যায়।