আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তনের পথ তাদের কর্মকাণ্ডের কারণে আরও কঠিন হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেছেন, নিজেদের নিকৃষ্ট কর্মকাণ্ডের জন্য দলটির মধ্যে কোনো অনুশোচনা নেই, বরং রয়েছে ঔদ্ধত্য ও অহমিকা। মানুষকে কষ্ট দিয়ে আবারও দেশে ফেরার স্বপ্ন দেখছে তারা। তবে তাদের এসব কর্মসূচি দেশপ্রেমিক জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।
শুক্রবার (২০ নভেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ‘নগর ও ওয়ার্ড দায়িত্বশীল তারবিয়াত’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম এ তথ্য জানান।
গাজী আতাউর রহমান বলেন, আওয়ামী লীগ এখনো রক্তের পিপাসা ভুলতে পারেনি। আগুনে মানুষ পুড়িয়ে দেশে ফেরার স্বপ্ন দেখা ধ্বংসাত্মক ও ন্যক্কারজনক। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে এ দেশের ছাত্র-জনতা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়িত করেছে। হাজারো মানুষকে হত্যা এবং লাখো মানুষের রক্ত যাদের হাতে লেগে আছে, তারাই আবার মানুষ হত্যার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে।
তিনি বলেন, আওয়ামী লীগ মনে করে, মানুষকে কষ্ট দিয়ে জনগণের কাছ থেকে আবারও দেশে ফেরার সুযোগ পাবে। কিন্তু তাদের এমন কর্মকাণ্ড রাজনৈতিক প্রত্যাবর্তনের পথ আরও কঠিন করে তুলছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শেখ ফজলে বারী মাসউদ বলেন, শরিয়াহ প্রতিষ্ঠার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। এ দেশের মানুষ প্রচলিত আইন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। মানুষকে বোকা বানানোর আর সুযোগ নেই। অচিরেই ইসলামি শরিয়াহর পক্ষে গণআন্দোলন গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি আবদুল আউয়াল মজুমদার বলেন, প্রতিটি ওয়ার্ডে ইসলামি শরিয়াহ প্রতিষ্ঠার পক্ষে জনমত গড়ে তুলতে হবে। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুফতি শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহ, সহ-সভাপতি আলহাজ এম এইচ মোস্তফা, যুগ্ম সম্পাদক ফজলুল হক মৃধা এবং সহকারী সেক্রেটারি মুফতি আবদুল আহাদ প্রমুখ।
