লোড হচ্ছে...
মূল কনটেন্টে যান

বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে থাকতে গবেষণা ও এআই ব্যবহারে গুরুত্বারোপ শিক্ষামন্ত্রীর

পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) আয়োজিত ৪৫তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

ডেস্ক রিপোর্ট
বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে থাকতে গবেষণা ও এআই ব্যবহারে গুরুত্বারোপ শিক্ষামন্ত্রীর
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি : বাসস

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলা করে আন্তর্জাতিক প্রতিযোগিতায় এগিয়ে যেতে দেশের শিক্ষাব্যবস্থায় গবেষণার পরিধি বাড়ানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ইতিবাচক ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে শিক্ষকদের প্রশিক্ষণ কারিকুলামে আধুনিক তথ্যপ্রযুক্তি ও এআই সংযুক্ত করে সময়োপযোগী করার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (৮ নভেম্বর) বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) আয়োজিত ৪৫তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি যুক্ত হন।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা এখন গ্লোবাল ভিলেজে বাস করছি। প্রতিনিয়ত আমাদের আন্তর্জাতিক নানা ক্ষেত্রে প্রতিযোগিতা করতে হচ্ছে। এই বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে গবেষণায় আরও জোর দিতে হবে। বিশেষ করে তরুণ শিক্ষকদের আন্তর্জাতিক মানের উন্নত গবেষণায় আরও মনোযোগী হওয়ার তাগিদ দেন তিনি।

আগামী দিনের শিক্ষাব্যবস্থাকে বৈশ্বিক চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে ড. মিলন বলেন, এই চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করতে শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তিগত ব্যবহার বাড়াতে হবে। তবে এআইয়ের ইতিবাচক ব্যবহারের পাশাপাশি এর অপব্যবহার রোধেও সংশ্লিষ্ট সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

শিক্ষাব্যবস্থার সংস্কার ও উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাকে আনন্দময় করে তুলতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে। শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের জন্য আনন্দময় ও ভীতিহীন পরিবেশ নিশ্চিত করে পাঠদান করতে হবে। এ লক্ষ্য অর্জনে শিক্ষকদের প্রশিক্ষণ কারিকুলামকে আরও যুগোপযোগী করার পাশাপাশি সেখানে এআই ও আধুনিক তথ্যপ্রযুক্তির সংযোগ ঘটানোর ওপর জোর দেন তিনি।

আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়ন অপরিহার্য উল্লেখ করে শিক্ষামন্ত্রী শিক্ষা ক্যাডার কর্মকর্তাসহ দেশের সব শিক্ষক ও কর্মকর্তাকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক প্রফেসর ড. ওয়াসীম মো. মেজবাহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, আরডিএর ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামানিক এবং নায়েমের পরিচালক প্রফেসর মো. শাহজাহান।

এই সংবাদটি শেয়ার করুন
সঠিক তথ্য ছড়িয়ে দিতে সহায়তা করুন
আরও পড়ুন

সম্পর্কিত সংবাদ

জনপ্রিয়

সর্বাধিক পঠিত

মন্তব্য (০)

মন্তব্য প্রকাশের আগে সম্পাদকীয় যাচাই করা হয়। আপত্তিকর, উসকানিমূলক বা ব্যক্তিগত আক্রমণমূলক মন্তব্য প্রকাশ করা হবে না।

মন্তব্য প্রকাশের আগে মডারেশনের মধ্য দিয়ে যায়।