ভালুকায় মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ
প্রকাশিত : ২৭ জুলাই ২০২৬, ০৯:৫৫ এএম
0 শেয়ার
ভালুকায় মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে সংবাদ সম্মেলন

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও (গৌরীপুর) এলাকায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গত ২২ জুলাই অনুষ্ঠিত মানববন্ধন ও বিভিন্ন মাধ্যমে প্রচারিত অভিযোগকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন মোহাম্মদ দুলাল শিকদার।

রোববার (২৬ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার সিডস্টোর বাজারের তালুকদার হোটেল অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে দুলাল শিকদারের সঙ্গে মনির শিকদার ও কামরুল শিকদার উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দুলাল শিকদার। তিনি বলেন, গত ২২ জুলাই অনুষ্ঠিত মানববন্ধনে তাঁকে ও তাঁর সহযোগীদের জড়িয়ে যেসব অভিযোগ করা হয়েছে, সেগুলোর সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। একটি কুচক্রী মহল ব্যক্তিস্বার্থ হাসিলের উদ্দেশ্যে তাঁর বয়োবৃদ্ধ দাদা সাহেব আলী শিকদারকে ভুল বুঝিয়ে তাঁদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।

দুলাল শিকদারের দাবি, আমার দাদা সাহেব আলী শিকদার সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে ও স্বেচ্ছায় তাঁর অনুকূলে ১৬১ শতাংশ জমি হেবা দলিল করে দেন। পরে ২৮০ শতাংশ জমির একটি যৌথ দলিলও সম্পন্ন হয়। ওই দলিল সম্পাদনের সময় শামসুল শিকদার, চাচাতো ভাই কামরুল শিকদারসহ অন্যান্য শরিক উপস্থিত ছিলেন বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, এর আগেও তাঁর দাদা সাহেব আলী শিকদার তাঁর অন্যান্য ছেলে-মেয়ে ও উত্তরাধিকারীদের নামে নিজ ইচ্ছায় একাধিকবার জমির দলিল সম্পাদন করেছেন। একই ধারাবাহিকতায় তাঁর অনুকূলেও আইনানুগভাবে দলিল সম্পন্ন করা হয়েছে।

দুলাল শিকদার বলেন, দলিল-সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র, সাক্ষী ও অন্যান্য প্রমাণ তাঁদের কাছে রয়েছে। একটি পক্ষ ব্যক্তিগত স্বার্থে একজন বয়োবৃদ্ধ ব্যক্তিকে সামনে রেখে তাঁদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে দুলাল শিকদার আরও বলেন, সম্প্রতি পাড়াগাঁও ও গৌরীপুর এলাকায় কতিপয় মহল আদালতের বিচারাধীন বিষয় নিয়ে একতরফাভাবে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করছে এবং অনাকাঙ্ক্ষিত মানববন্ধন করছে। তিনি এসব মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণার তীব্র নিন্দা জানান।

তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে আদালতের বিচারাধীন বিষয়ের প্রতি সম্মান প্রদর্শন, অপপ্রচার বন্ধ এবং বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানান। সংবাদ সম্মেলনে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার দুপুরে ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও-গৌরীপুর বাজার এলাকায় চিকিৎসকের কাছে নেওয়ার কথা বলে এক অসুস্থ বৃদ্ধের টিপসই নিয়ে হেবা ঘোষণাপত্রের মাধ্যমে জমি আত্মসাতের অভিযোগ তুলে দুলাল শিকদার ও তাঁর দুই সহযোগীর বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। তবে সংবাদ সম্মেলনে অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেছেন দুলাল শিকদার।