ভালুকায় এক রাতে ছয় গরু চুরি
ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নে এক কৃষকের গোয়ালঘর থেকে ছয়টি গরু চুরি হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক জসিম উদ্দিন (৪৮) ভালুকা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি জানান, ১৫ অক্টোবর রাত থেকে ১৬ অক্টোবর ভোরের মধ্যে অজ্ঞাতনামা চোরের দল তার বসতঘরের পাশের মাটির দেয়ালবিশিষ্ট চৌচালা টিনশেড গোয়ালঘরের তালা ভেঙে গরুগুলো চুরি করে নিয়ে যায়।
চুরি হওয়া গরুগুলোর মধ্যে রয়েছে – একটি লাল রঙের গাভী, একটি কালো বকনা, একটি সাদা বকনা, একটি সাদা গাভী, একটি লাল-সাদা বকনা ও একটি লাল-সাদা আদাতী বকনা
জসিম উদ্দিন জানান, “রাত তিনটার দিকে গরুগুলো দেখে তালা লাগিয়ে ঘুমাতে যাই। ভোরে উঠে দেখি তালা ভাঙা, দরজা খোলা আর গরুগুলো নেই। অনেক খোঁজাখুঁজি করেও পাইনি।”
এ ঘটনায় ভালুকা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ভালুকা থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় গবাদিপশু চুরির ঘটনা বেড়ে গেছে। তারা দ্রুত চোরচক্রকে শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন