ভালুকায় যুবদল নেতার ওপর কলেজ ছাত্রদল সভাপতির হামলা, প্রতিবাদে বিক্ষোভ
ময়মনসিংহের ভালুকা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি তানভির হাসান শান্তর দাবি করা চাঁদা না দেয়ায় আনন্দ মোহন কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও যুবদল নেতা মাহমুদুর রহমান মাহমুদের ওপর হামলা এবং থানায় মামলা গ্রহণ না করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ভালুকা উপজেলা যুবদল।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ভালুকা উপজেলা যুবদলের নেতাকর্মীরা ওই কর্মসূচি পালন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে ভালুকা সরকারি কলেজ শাখা ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি তানভির হাসান শান্ত যুবদল নেতা মাহমুদুর রহমানের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে শান্তর সঙ্গে থাকা আরও ১০-১৫ জন তাকে মারধর করে এবং ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে মাহমুদ বাদী হয়ে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দেন। তবে অভিযোগ দেওয়ার পরও এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
এ ঘটনার প্রতিবাদে যুবদলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে ভালুকা বাসস্ট্যান্ডে এসে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ রুদ্র, জেলা যুবদলের সদস্য সাইফুল ইসলাম মানিক ও মনির খান এডওয়ার্ড, উপজেলা যুবদল নেতা এসএম সাইদুল ইসলাম, ভালুকা মৎস্য আড়ৎ সমিতির সভাপতি সমর পাঠান, পৌর যুবদল নেতা মাজাহারুল ইসলাম, সোহেল ফেরদৌস শাহীন, সিদ্দিকুর রহমান, ফরিদ, সবুজ, রাকিবুল হাসান, সোহরাব উদ্দিন, আরাফাত ও কামরুল শেখ প্রমুখ।
ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন