দুপুরের আগেই বিদ্যালয়ে ছুটি, শিক্ষাবঞ্চিত শিক্ষার্থীরা
সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় চালু থাকার কথা থাকলেও দুপুরের আগেই ছুটি দিয়ে দিচ্ছেন শিক্ষকরা। ফলে শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে পাঠদান থেকে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটে ঈশ্বরগঞ্জ উপজেলার ২১ নং চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২২ নং সাহাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, সবগুলো শ্রেণিকক্ষে তালা ঝুলছে। মাঠে কয়েকজন শিক্ষার্থী খেলাধুলা করছে। তারা জানায়, দুপুর ২টা ৩০ মিনিটেই ছুটি হয়ে গেছে।
এ সময় দেখা যায়, সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে চরপাড়া বিদ্যালয়ের নয়জন শিক্ষক অফিস কক্ষে ঢুকে পড়েন এবং ভুলবশত আগে ছুটি দেওয়ার কথা স্বীকার করেন।
বিদ্যালয়গুলোর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শশাংক চন্দ্র বিশ্বাস ও আব্দুল মান্নানকে ফোন করা হলে তারা সাক্ষাতে কথা বলার কথা জানান। তবে বিকেল ৪টার আগে বিদ্যালয় ছুটি দেওয়ার নিয়ম নেই বলেও উল্লেখ করেন।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষকরা ইচ্ছেমতো বিদ্যালয় পরিচালনা করেন। কখনো দুপুর ১টা, কখনো ২টা কিংবা ৩টায় ছুটি দিয়ে দেন। ঠিক সময়ে বিদ্যালয়ে আসেন না। ফলে নিয়মিত পাঠদান না হওয়ায় শিক্ষার্থীরা শিক্ষায় পিছিয়ে পড়ছে।
নাম প্রকাশ না করার শর্তে এক যুবক জানান, “প্রধান শিক্ষক যেটা করে, স্কুলে সেটাই হয়। বিদ্যালয়ের অবস্থা একেবারেই নাজুক।”
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ বলেন, “কোনোভাবেই ৪টার আগে স্কুল ছুটি দেওয়ার সুযোগ নেই। কেন দুপুরের আগেই ছুটি দেওয়া হয়েছে, তা খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার মতামত লিখুন