ভালুকা স্বেচ্ছাসেবক দল আহ্বায়কের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

স্টাফ রিপোর্টার
প্রকাশিত : ৩০ আগস্ট ২০২৫, ০৪:৩৫ পিএম
0 শেয়ার
ভালুকা স্বেচ্ছাসেবক দল আহ্বায়কের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন 
ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদ উল্ল্যাহ চৌধুরী ধ্রুব তাঁর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ও স্থানীয়ভাবে ছড়ানো মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এ বিষয়ে তিনি শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আসাদ উল্ল্যাহ চৌধুরী ধ্রুব বলেন, তিনি দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সাথে রাজনৈতিক দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি বিভিন্ন ব্যবসা পরিচালনার পাশাপাশি ভালুকার ভায়াবহ গ্রামে প্রতিষ্ঠিত নর্প নীট ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর জমিজমা কেনা-বেচার কাজেও দায়িত্ব পালন করছেন। তিনি জানান, “এখানে বড় একটি শিল্প কারখানা গড়ে উঠলে ভালুকার সাধারণ মানুষ কর্মসংস্থানের সুযোগ পাবে। কিন্তু কিছু অরাজনৈতিক মহল, দালালচক্র ও সন্ত্রাসী গোষ্ঠী আমাকে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য পরিকল্পিতভাবে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।”
তিনি অভিযোগ করেন, “নর্প নীট ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোনো জমি অবৈধভাবে ক্রয় করেনি। বরং কোম্পানি একই জমি তিনবার কিনলেও এখনো সেটির দখল বুঝে পায়নি। অথচ কিছু কুচক্রী মহল ইচ্ছাকৃতভাবে আমার নামে কাল্পনিক কাহিনি ছড়িয়ে বদনাম করার অপচেষ্টা করছে।”
ধ্রুব আরও জানান, গত ২৯ আগস্ট দিবাগত রাতে ভায়াবহ গ্রামের মো. নাজমুল হক (২২), তাঁর মা মোছাঃ নাজমা আক্তার (৫০), ভাই নাছির উদ্দিন (২০) এবং আরও অজ্ঞাতনামা ৮০-৯০ জন লোক মিলে কোম্পানির টিনসেড ঘর ভাঙচুর ও বিভিন্ন ক্ষয়ক্ষতি সাধন করে। এ সময় তারা জোরপূর্বক স্থাপনা দখলের চেষ্টা চালায়। ঘটনাটি নিয়ে ইতোমধ্যেই ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
আসাদ উল্ল্যাহ চৌধুরী ধ্রুব সাংবাদিক সম্মেলনে জোর দিয়ে বলেন, “আমাকে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে একটি চক্র গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমি এ ধরনের অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।”